সিল্কসিটিনিউজ ডেস্ক:
ইউরেশিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে সমঝোতা চুক্তি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, আগামী মার্চ মাসে ইউরেশিয়ার পাঁচটি দেশের (রাশিয়া, বেলারুশ, ইউক্রেন, আজারবাইজান, আরমানিয়া) সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) হবে। এতে রফতানি ও বিনিয়োগ খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজেন্ডার ইগনাটোভের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ সময় বাণিজ্য সচিব মফিজুল ইসলাম, অতিরিক্ত সচিব (রফতানি) তপন কান্তি ঘোষ, অতিরিক্ত সচিব (এফটিএ) সফিকুল ইসলামসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, মার্চে ইউরেশিয়ার ইকোনমিক ইউনিয়নের সঙ্গে এমওইউ বা সমঝোতা চুক্তি স্বাক্ষর হলে আমাদের নতুন বাজার সৃষ্টি হবে। আমরা ইতিমধ্যে রাশিয়ায় চা, কাঁচা পাট, চামড়া, ফুটওয়্যার, মোটরপার্স, তামাক ইত্যাদি পণ্য রফতানি করছি। এসব পণ্য রফতানিতে উচ্চ শুল্ক দিতে হয়। চুক্তি হলে আমরা ইউরেশিয়ার বাজারে শুল্কমুক্ত সুবিধা পাব। তিনি বলেন, রাশিয়া আমাদের বন্ধু রাষ্ট্র। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক দীর্ঘদিনের। স্বাধীনতার পরপর তারা আমাদের স্বীকৃতি দিয়েছে।
গত কয়েক বছর আগেও বাংলাদেশ রাশিয়ায় আলু রফতানি করত। এখন নতুন করে আবার সে দেশে আলু রফতানি করা হবে। তারা এতে রাজি হয়েছে। এজন্য রাশিয়া আলু রফতানির আগে ভালো করে পরীক্ষা করে রফতানির পরামর্শ দিয়েছে। একই সঙ্গে রাশিয়াকে বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের ঘোষিত সুবিধা কাজে লাগাতে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, রাশিয়া বাংলাদেশের বিনিয়োগের পরিবেশ পর্যবেক্ষণ করছে। এ লক্ষ্যে মার্চে বাংলাদেশে একটি বৈঠক করে এমওইউ স্বাক্ষর করা হবে। পাশাপাশি নভেম্বরে রাশিয়ায় দ্বিপাক্ষিক বৈঠক করে দুই দেশের বিনিয়োগের জন্য সুনির্দিষ্ট স্থান খোঁজা হবে। এ সমঝোতা চুক্তি হলে উভয় দেশ লাভবান হবে।









