সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

ইউক্রেনে ব্যাপক রুশ হামলায় নিহত ৬, রেলস্টেশনে ধ্বংসযজ্ঞ

নিউজ ডেস্ক৫ আগস্ট ২০২৫২ মিনিট পড়া
ইউক্রেনে ব্যাপক রুশ হামলায় নিহত ৬, রেলস্টেশনে ধ্বংসযজ্ঞ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে ছয়জন নিহত ও অন্তত এক ডজন লোক আহত হয়েছে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

ইউক্রেনীয় রেলওয়ে কম্পানি টেলিগ্রামে এদিন জানায়, ‘রুশ সন্ত্রাসীরা’ লোজোভার রেল অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালিয়েছে। খারকিভ অঞ্চলের লোজোভায় গত রাতে চালানো এসব হামলায় একটি যাত্রীবাহী ট্রেন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়, ট্রেন স্টেশনের ভবন ধ্বংসস্তূপে পরিণত হয় এবং প্ল্যাটফরমে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে জানান, লোজোভায় দুজন নিহত হয়েছে। নিহতদের একজন ‘একটি ইউনিটের দায়িত্বপ্রাপ্ত মেকানিক’ বলে জানিয়েছে ইউক্রেনের রেল কর্তৃপক্ষ। বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করতে হয়েছে বলেও জানিয়েছে তারা।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের রেলপথ নিয়মিত লক্ষ্যবস্তু হয়ে আসছে।

মস্কো এই হামলা জোরদার করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত এক সময়সীমা শেষের আগে, যেখানে বলা হয়েছে, শুক্রবারের মধ্যে শান্তি প্রক্রিয়ায় অগ্রগতি না হলে রাশিয়ার ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। 

প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ইরান নির্মিত ২৫টির বেশি শাহেদ ড্রোন ব্যবহার করে রাশিয়া শহরটিতে আক্রমণ চালিয়েছে, যার লক্ষ্য ছিল বেসামরিক অবকাঠামো। এই হামলায় ১০ জন আহত হয়েছে বলে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি আরো বলেন, ‘রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি ডিপো ও একটি স্টেশন ধ্বংস হয়েছে।’

এ ছাড়া রাশিয়া এই হামলায় ৪৬টি আক্রমণাত্মক ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে।

পাশাপাশি লোজোভার মেয়র সের্হি জেলেনস্কি এই হামলাকে শহরের ওপর ‘যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে ভয়াবহ হামলা’ বলে বর্ণনা করেছেন। 

অন্যদিকে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে একটি কৃষি প্রতিষ্ঠানে রাশিয়ার পৃথক এক হামলায় আরো দুজন নিহত ও তিনজন কর্মচারী আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে আরেকটি হামলায় আরো দুজন নিহত হয়েছে বলে জানিয়েছেন গভর্নর ইভান ফেদোরভ। সেখানে রুশ সেনারা একটি বাড়িতে এফপিভি ড্রোন দিয়ে আঘাত হানে।

ইস্তাম্বুলে তিন দফা শান্তি আলোচনায় অগ্রগতি না হওয়ার পর ট্রাম্পের নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসছে।

যুদ্ধবিরতির বিষয়ে দুই পক্ষ এখনো ব্যাপকভাবে মতবিরোধে রয়েছে। এই অবস্থায় রুশ সেনাবাহিনী হামলা তীব্র করেছে এবং স্থল অভিযান জোরদার করে ইউক্রেনের আরো এলাকা দখলের চেষ্টা করছে। 

নিষেধাজ্ঞার সময়সীমা শুক্রবার শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এই সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন। তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।