সিল্কসিটিনিউজ ডেস্ক :
বাশার আল আসাদের শোচনীয় পতনের পর মধ্যপ্রাচ্যে ভূ-রাজনীতিতে ব্যপক পরিবর্তনের শঙ্কা তৈরি হয়েছে। সিরিয়ায় আসাদ সরকারের দীর্ঘসময়ের বন্ধু রাশিয়া ও ইরান। কিন্তু তার পতনের পর এই দুই দেশের গুরুত্ব কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এমনকি সিরিয়ায় অবস্থিত রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটির টিকে থাকবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। পাশাপাশি ইরানের সঙ্গে হিজবুল্লাহর যোগাযোগ এখন অনিশ্চয়তায় পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি নতুন সরকারের যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মেলানোর সম্ভাবনায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে রাশিয়া। খবর সিএনএনের।

বাশার আল-আসাদের ২৪ বছরের শাসনামলে নানা রাজনৈতিক সুবিধা নেয়া মিত্ররা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন বলে মনে করছেন মধ্যপ্রাচ্য-বিষয়ক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যে কর্তৃত্ব বজায় রাখতে কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ রুশ বিমান ও নৌ সামরিক ঘাঁটি রাখতে আসাদের সঙ্গে বোঝাপড়া ছিল ভ্লাদিমির পুতিনের।
নতুন সরকারের আমলে আদৌ সেই ঘাঁটি টিকে থাকবে কি না, তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে পড়তে পারেন। এমনকি সিরিয়ার নতুন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চাইবে। ফলে রুশ প্রভাব এক্ষেত্রে অনেকটাই কমে যাওয়ার শঙ্কা তৈরি হতে পারে। তবে, কর্তৃত্ব হাতছাড়া না করতে গোলান ও তুরস্কের সঙ্গে সমঝোতায় আসতে পারে মস্কো।
এছাড়াও সিরিয়ার এ অভ্যুত্থানে অনুপ্রাণিত হয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের জনগণ সরকারের দুর্নীতি, অপকর্মের বিরুদ্ধে আওয়াজ তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাত্র ১২ দিনের মাথায় আসাদ পরিবারের পাঁচ দশক পুরোনো মসনদ ভেঙে দিয়ে সিরিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত করেছে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম। তাদের এ জয়ে তৈরি গণঅভ্যুত্থানের জোয়ার পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাবে বলে মনে করছেন অনেকে।
তারা বলছেন, আসাদের পতনের পর এমন অনেক ব্যক্তি জেল থেকে ছাড়া পেয়েছেন যাদের অনেক আগেই সরকারিভাবে মৃত ঘোষণা করা হয়েছিল। সিরীয়দের বাঁধভাঙা উল্লাসে অনুপ্রাণিত হয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এমন প্রতিবাদ হবে।
চ্যাথাম হাউসের মিডল ইস্ট এন্ড নর্থ আফ্রিকা প্রোগ্রামের ড. হাইদের মতে, ‘আমার মনে হয়, আশপাশের (সিরিয়ার) দেশের জনগণ সিরিয়ার এ অভ্যুত্থানে অনুপ্রাণিত হয়ে বছরের পর বছর নিপীড়নের পর আবারও আশাবাদী হয়ে ঘুরে দাঁড়াতে পারবে।’
গিগা ইনস্টিটিউট ফর মিডল ইস্ট স্টাডিজের বিশ্লেষক আন্দ্রে ব্যাংক বলেন, মধ্যপ্রাচ্যের কেন্দ্রস্থলে একটি বিমান বাহিনীর ঘাঁটি যেখানে মার্কিন সেনা আছে, যেখানে ইসরাইল কাছাকাছি রয়েছে, যেখানে তুরস্কও কাছাকাছি এবং এই দেশগুলো সে অঞ্চলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমার মনে হয়, রাশিয়া এ ঘাঁটি টিকিয়ে রাখতে চাইবে।
এদিকে, হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সিরিয়ার এমন রাজনৈতিক পট পরিবর্তন ইরানকে অসুবিধায় ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
আন্দ্রে ব্যাংকের মতে, ‘ইরানের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে নিজেদের প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে ইরান সরকার তেহরান থেকে বাগদাদ, বাগদাদ থেকে দামেস্ক হয়ে বৈরুতে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সাহায্য পাঠায়। এখন দামেস্কে আসাদের হার ইরানের জন্য অনেক বড় এক ধাক্কা। আবার ইরানের এমন দুর্বল পরিস্থিতির ফায়দা নিতে পারে ইসরাইল। কারণ, ইসরাইল নিজের অস্তিত্বের জন্য ইরানকে হুমকি মনে করে।
এদিকে, জোলানির বক্তব্য বিশ্লেষণ করে সিএনএন জানায়, ক্ষমতা নেওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখতে ইচ্ছুক হবে এইচটিএস।
সূত্র: যুগান্তর










