সিল্কসিটিনিউজ ডেস্ক:
ইচ্ছা করেই খেলেননি, নাকি চোটের কারণে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন?—এই এক প্রশ্নকে কেন্দ্র করে এখন মুখোমুখি দাঁড়িয়ে ক্যারিবীয় হেড কোচ ড্যারেন স্যামি ও স্টার পেসার আলজারি জোসেফ। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ থেকে জোসেফ ‘নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন’ স্যামির এমন মন্তব্যের এবার কড়া জবাব দিলেন ২৯ বছর বয়সী এই স্পিডস্টার।
কোচের বক্তব্যকে ‘বিতর্কিত’ আখ্যা দিয়ে জোসেফ সাফ জানিয়ে দিয়েছেন, তিনি ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করেন, ড্যারেন স্যামির নয়!

ঘটনার সূত্রপাত গত ২৩ জুলাই। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণার সময় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানায়, ‘ব্যক্তিগত কারণে’ জোসেফকে পাওয়া যাচ্ছে না। তবে বোমাটি ফাটান কোচ স্যামি।
পরদিন এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ‘জোসেফ খেলতে রাজি হয়নি।
বাস্তবতা এটাই। তাকে দলে রাখা হয়েছিল, চোট থেকেও ফিরেছে। কিন্তু বিশেষ কিছু কারণে সে খেলতে অস্বীকৃতি জানায়।’
স্যামির এই মন্তব্যেই মূল আপত্তি জোসেফের।
অ্যান্টিগা অবজার্ভারের ‘গুড মর্নিং জোজো স্পোর্টস’ শোতে নিজের ক্ষোভ উগরে দেন এই পেসার। তিনি বলেন, ‘প্রধান কোচ এবং বোর্ডের সঙ্গে আমার স্পষ্ট কথা হয়েছিল। সিডব্লিউআই তাদের বিবৃতিতে সঠিকভাবেই ব্যক্তিগত কারণের কথা বলেছিল। স্যামি দীর্ঘদিন ক্রিকেট খেলছেন, তিনি ভালো করেই জানেন এমন মন্তব্যের প্রভাব কতটা মারাত্মক হতে পারে। সত্যি বলতে, তার এমন মন্তব্য জনমনে ভুল বার্তা ছড়িয়েছে।
’
লং গ্যাপ থেকে ফিরে টানা ক্রিকেট খেলাতেই যে ক্লান্তি ভর করেছিল, তা স্পষ্ট করেন জোসেফ। স্ট্রেস ফ্র্যাকচারের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকার পর জুনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে ফেরেন তিনি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন টানা পাঁচটি ওয়ানডে। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে শরীরের ওপর আর বাড়তি চাপ দিতে চাননি এই পেসার।
নিজের ফিটনেস প্রসঙ্গে জোসেফের সরল স্বীকারোক্তি, ‘দ্বিতীয়বার স্ট্রেস ফ্র্যাকচার থেকে ফিরে দুটি টেস্ট ও টানা পাঁচটি ওয়ানডে খেলার পর আমার শরীর আর একটি টেস্ট সিরিজের জন্য প্রস্তুত ছিল না। পুরো ঘটনার প্রেক্ষাপট না জানিয়ে যেভাবে সংবাদ সম্মেলনে বলা হয়েছে, তা অত্যন্ত বিতর্কিত।’
কোচের সঙ্গে এমন টানাপড়েনের পর ভবিষ্যতে একসঙ্গে কাজ করা কঠিন হবে কি না—এমন প্রশ্নে একেবারে পেশাদার মনোভাবই দেখালেন জোসেফ, ‘আমি পেশাদার, নিজের কাজটা করে যাব। আমি ওয়েস্ট ইন্ডিজের জন্য খেলি, ড্যারেন স্যামির জন্য নয়। মাঠে বন্ধু বানাতে আসি না, খেলি ক্যারিবীয় অঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব করতে।’










