আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে খাদ্যবান্ধব কর্মসূচির ২১ বস্তা চাল উদ্ধারসহ ৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার কুন্দগ্রাম চকপাড়া থেকে চালগুলো উদ্ধারের পর ওই দিন রাতেই সংঘবদ্ধ চাল ব্যবসায়ী চক্রের ইদ্রিছ আলী, সামছুল, রেজাউল ও সাজ্জাদের বিরুদ্ধ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।
তবে অভিযানের সময় রবিউল ইসলাম লেবু নামের এক চাল ব্যবসায়ীকে আটক করে কৌশলে ছেড়ে দেয়ায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কোনো আসামীকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত কয়েক দিন যাবত আদমদীঘির কুন্দগ্রাম ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসুচী ও ত্রান সামগ্রী বিতরণ করা হয়। সাজ্জাদ, সামছুল, ইদ্রিছ আলী, রেজাউলসহ কয়েকজন সংঘবদ্ধ চাল ব্যবসায়ী চক্র খাদ্যবান্ধব কর্মসূচির বেশ কিছু পরিমান চাল ক্রয় করার পর তাদের গুদামে সংরক্ষন করে। মঙ্গলবার বিকেলে ওই ২১ বস্তায় প্রায় একটন চাল তাদের গুদাম ঘর থেকে এক প্রবাসীর বাড়িতে স্থানান্তর করার সময় জনতা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার কেএইচএম এরশাদের নেতৃত্বে ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, উপ-পরিদর্শক রবিউল করিম কুন্দগ্রাম চকপাড়া থেকে ২১ বস্তা চাল উদ্ধার করেন।

এসময় রবিউল ইসলাম লেবু নামের এক ব্যবসায়ীকে আটক করার পর ছেড়ে দেয়া হয় এবং থানার উপ-পরিদর্শক রবিউল করিম বাদী হয়ে সংঘবদ্ধ চাল ব্যবসায়ী চক্রের উল্লেখিত ওই ৪জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে অভিযুক্ত ৪জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় আটক রবিউল ইসলাম লেবুর বিরুদ্ধে সম্পৃক্ততার কোনা তথ্য মিলেনি, সে পুলিশের খবরদাতা হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে। তবে মূল হোতাদের গ্রেপ্তারের তৎপরতা চলছে।
স/অ










