সদ্য প্রকাশিত
নাটোর

আখ চাষিদের ধর্মঘটে নর্থ বেঙ্গল সুগার মিলের মাড়াই বন্ধ

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০১৬৩ মিনিট পড়া
আখ চাষিদের ধর্মঘটে নর্থ বেঙ্গল সুগার মিলের মাড়াই বন্ধ

লালপুর প্রতিনিধি:
মোবাইলের মাধ্যমে আখের মূল্য পরিশোধে জটিলতা, ইপূর্জি, ইগেজেট, কৃষকের সরবরাহকৃত আখের মূল্য না পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিলে আখ সরবরাহ বন্ধ করে দিয়েছে স্থানীয় আখ চাষীরা। উত্তর বঙ্গ চিনিকল আখ চাষী সমিতি এ ধর্মঘটের ডাক দেয়। ফলে আখের অভাবে মিল বন্ধ হয়ে আছে।

 
শনিবার সকালে মিলের ইয়ার্ডে গিয়ে দেখা যায়, সেখানে কোন আখের গাড়ি নেই। ওজন রুমের লোকজনও কাজ না থাকায় বাইরে ঘুরে বেড়াচ্ছে। আখের সরবরাহ না থাকায় শনিবার সকাল ১১ টার সময় মাড়াই বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন কর্মচারীরা।

 
জানা যায়, এ বছর আখের মূল্য পরিশোধের চিরাচরিত নিয়ম বন্ধ করে মোবাইলের শিওর ক্যাশের মাধ্যমে পরিশোধের উদ্যোগ নেয়া হয়। এ জন্য খুব স্বল্প সময়ে কৃষকদের কাছ থেকে প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে একাউন্ট খোলা হয়। কিন্তু গত ২৮ অক্টোবরে আখ মাড়াই মৌসুমের উদ্বোধনের পর থেকে হাজার হাজার গাড়ি আখ মিলে সরবরাহ করলেও এখন পর্যন্ত কোন কৃষকের টাকা মোবাইল বা নগদে পরিশোধ করতে পারেনি কর্তৃপক্ষ। এতে করে কৃষকরা খেটে খাওয়া কামলার মুজুরী,গাড়ি ভাড়ার মূল্য পরিশোধ করতে পারছেনা। এমন পরিস্থিতিতে এলাকার সকল কৃষক নিজ নিজ উদ্যোগে মিলে আখ সরবরাহ বন্ধ করে দেয়।

 
কেশবপুর গ্রামের কৃষক আব্দুস সালাম জানান, ‘গত এক সপ্তাহে ৫-৬ গাড়ি আখ মিলে সরবরাহ করেছি,কিন্তু এখন পর্যন্ত  মোবাইলে বা নগদে কোন অর্থ পাইনি। ফলে কামলার মুজুরি,গাড়ি ভাড়াসহ পাওনাদারের টাকা দিতে পারছিনা, টাকা ছাড়া কামলারা আর কাজ করবেনা বলে সাফ জানিয়ে দিয়েছে, এখন কামলা ও গাড়ির অভাবে জমির আখ কাটতে পারছি না ’।

6-copy
এদিকে গাড়িভাড়া না পেয়ে গাড়িয়ালরাও গাড়িতে আখ বহন বন্ধ রেখেছে। ইসলামপুর গ্রামের গাড়িয়াল জাফর আলী জানান, ‘এ পর্যন্ত ২৫ গাড়ি আখ বহন করেছি,কিন্তু কোন টাকা পাইনি,গৃহস্থ টাকা না পেলে আমাদের দিবে কোখা থেকে? তাই আখ বহন বন্ধ রেখেছি’।

 
এদিকে মিলে সরবরাহকৃত আখের মূল্য শনিবার নগদে পরিশোধ করবে বলে মিল কর্তৃপক্ষ শুক্রবার রাতে এলাকায় মাইকিং করে জানিয়ে দেয়, কিন্তু সকালে কৃষকদের টাকা দেয়নি কর্তৃপক্ষ। এতে কৃষকরা আরো হতাশ হয়।

 
মিলে আখ সরবরাহ বন্ধের ব্যপারে উত্তর বঙ্গ আখ চাষি সমিতির সভাপতি ইব্রাহিম খলিল জানান, ‘আখের দাম বৃদ্ধি,মোবাইল ব্যাংকিং এবং ইগেজেট বন্ধ ও কৃষকের আখ মাড়াইয়ের অধিকারের দাবিতে এ সমিতির ডাকে ধর্মঘট চলছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

 
আখের সরবরাহ বন্ধের ব্যাপারে জানতে চাইলে মিলের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল আজিজ সিল্কসিটি নিউজকে জানান, ‘শুধু মাত্র মিল গেটে আখ সরবরাহ বন্ধ আছে তবে ৩০ টি ক্রয় কেন্দ্রে আখের সরবরাহ স্বাভাবিক রয়েছে, খুব শিঘ্রই সকল সমস্যার সমাধান করে মিলে আখ মাড়াই চালু করা হবে। টাকা পরিশোধ সম্পর্কে তিনি জানান, শনিবার সকালের মধ্যে সকল চাষিদের মোবাইলে ১ নভেম্বর পর্যন্ত ক্রয়কৃত আখের টাকা জমা করতে সক্ষম হয়েছি।

 
তিনি জানান,প্রত্যেকের পিন নম্বর পৌছে দেয়া হচ্ছে,অল্প সময়ের মধ্যে সব কিছু ঠিক হয়ে যাবে’।

 
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব মাহবুবর রহমান সিল্কসিটি নিউজেকে জানান, কৃষি বান্ধব সরকার কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে, মিলের বিরুদ্ধে একদল কুচক্রি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তারা আখ চাষিদের পুঁজি করে নিজেদের সার্থ চরিতার্থ করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তাদের সে চেষ্টা ব্যার্থ হবে, খুব শিঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে।
স/শ