খেলা

আইসিসি চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন মনোহর

নিউজ ডেস্ক১৫ মার্চ ২০১৭১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক: মাত্র ৮ মাস হয়েছিল আইসিসি চেয়ারম্যান হয়েছিলেন শশাঙ্ক মনোহর। অথচ হঠাৎ করেই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান। আইসিসির ইতিহাসে প্রথমবারের মতো স্বাধীনভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।  আর পদ ছাড়ার সময় ‘ব্যক্তিগত’ কারণকে তুলে ধরেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।

২০১৬ সালের মে মাসে দুই বছরের মেয়াদে এই পদে আসীন হয়েছিলেন। আর দায়িত্ব নিয়েই ‘তিন মোড়ল’ তত্ত্বের বিলোপে কাজ করে আসছিলেন।  সেই লক্ষ্যে কাজও শুরু করেছিলেন।  আগামী আইসিসি সভাতেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল। অথচ তার আগেই পদ থেকে সরে দাঁড়িয়ে বিস্ময়ের সৃষ্টি করেছেন তিনি।  এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে শুরু থেকেই মনোমালিন্য ছিল তার।

এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধানের দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি ভারতের নামজাদা আইনজীবীও। প্রথম দফার পর ফের ২০১৫ সালে বিসিসিআই পদের প্রধান হিসেবে দায়িত্ব পান। সেই পদ থেকেও রহস্য সৃষ্টি করে পদত্যাগ করেছিলেন মনোহর।

সূত্র: বাংলাট্রিবিউন