সদ্য প্রকাশিত
খেলা

অস্ট্রেলিয়ার বিপক্ষে মানসিক বাধা জয়ই বাংলাদেশের মেয়েদের বড় চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক৮ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া
অস্ট্রেলিয়ার বিপক্ষে মানসিক বাধা জয়ই বাংলাদেশের মেয়েদের বড় চ্যালেঞ্জ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে গেছে বাংলাদেশ নারী দল। তবে শক্তির বিচারে যোজন যোজন এগিয়ে থাকা স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি বাংলাদেশ।

সিরিজ শুরুর আগে একটি অনুশীলন ম্যাচ খেলার পাশাপাশি স্থানীয় কন্ডিশনের সঙ্গেও নিজেদের ঝালিয়ে নিয়েছেন জ্যোতি-নাহিদারা-মারুফারা।
এখন সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে চান বাংলাদেশ নারী দলের নতুন প্রধান কোচ ডেভিড হেম্প। সিরিজ শুরুর আগে দলের প্রস্তুতি নিয়ে হেম্প বলেছেন, ‘প্রস্তুতি সত্যিই বেশ ভালো হয়েছে। আমরা ভাগ্যবান যে একটি অনুশীলন ম্যাচ পেয়েছি।

আমরা যেসব পিচে অনুশীলন করেছি, সেগুলো চমৎকার ছিল।’

বাংলাদেশ নারী দলের নতুন প্রধান কোচ ডেভিড হেম্প। ছবি: বিসিবি
তবে প্রস্তুতি যতই ভালো হোক, মাঠের লড়াইয়ে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে বড় পরীক্ষা। ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সংস্করণেই বিশ্বের এক নম্বর দল অস্ট্রেলিয়া।

তাদের বিপক্ষে খেলতে গিয়ে প্রতিপক্ষের শক্তি নিয়ে অতিরিক্ত ভাবনাই যেন নিজেদের ক্রিকেটকে প্রভাবিত না করে, সেটিই এখন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ।
হেম্পও মনে করছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ে সবচেয়ে বড় বাধা হতে পারে মানসিক দিকটি, ‘আমরা এই সত্যি লুকিয়ে রাখতে পারি না যে আমরা বিশ্বের সেরা নারী ক্রিকেট দলের বিপক্ষে খেলছি, যারা ওয়ানডে এবং টি-টোয়েন্টি উভয় সংস্করণেই এক নম্বর। তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মানসিকভাবে সেটিকে জয় করা।’

সাম্প্রতিক পরিসংখ্যানও অস্ট্রেলিয়ার পক্ষেই কথা বলছে। ২০২৪ সালে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া।

এবার নিজেদের মাঠে প্রথমবারের মতো তাদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ফলে প্রতিপক্ষের শক্তির পাশাপাশি কন্ডিশনও আলাদা পরীক্ষা নেবে জ্যোতির দলের।
তবে ফল নিয়ে ভাবার চেয়ে নিজেদের নিয়েই বেশি ভাবতে চান হেম্প, ‘আমরা চাই না যে এক সপ্তাহ পর বাংলাদেশে ফিরে গিয়ে আমাদের আফসোস করতে হয় যে, ইস! আমরা যদি এভাবে খেলতাম বা ওভাবে খেলতাম।’

বাংলাদেশের স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), রিতু মনি, স্বর্ণা আক্তার, মারুফা আক্তার, রাবেয়া খান, শারমিন সুলতানা, শারমিন আক্তার, সানজিদা আক্তার, সোবহানা মোস্তারি, সুলতানা খাতুন, দিলারা আক্তার, দিশা বিশ্বাস, ফারজানা হক, মুর্শিদা খাতুন, হাবিবা ইসলাম।

সিরিজের সূচি
১ম ওয়ানডে ৯ অক্টোবর, শুক্রবার
২য় ওয়ানডে ১১ অক্টোবর, রবিবার
৩য় ওয়ানডে ১৪ অক্টোবর, বুধবার

* সব ম্যাচ ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে। খেলা শুরু সকাল ৯টা ৫০ মিনিটে।