অপরাধ ও দুর্নীতি

অসামে নাশকতা ঘটাতে ঢুকে পড়ল বাংলাদেশি জেহাদিরা

নিউজ ডেস্ক২ জানুয়ারি ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে সাত জঙ্গি ঢুকে পড়েছে ভারতে৷ মণিপুরের কোনও এক গোপন ডেরায় রয়েছে তারা৷ লক্ষ্য অসমের মাটিতে নাশকতা চালানো৷ এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে৷ সন্দেহভাজন ওই ৭ বাংলাদেশি জঙ্গি সিলেট থেকে সীমান্ত পার করে অসমের করিমগঞ্জে ঢুকেছে৷ সীমান্ত পেরিয়ে তারা মণিপুরে ‘সেফ হাউস’-য় চলে গিয়েছে৷ ফলে সতর্কতা জারি হয়েছে মণিপুর, নাগাল্যান্ড ও মিজোরামেও৷

গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, মণিপুরের ‘সেফ হাউস’  নিরাপদ ঘাঁটি থেকেই অসমে ঢোকার পরিকল্পনা করেছে ওই সাত জঙ্গি৷ বাংলাদেশি জেহাদি দলটিকে রুখতে অসম-মণিপুর সড়কে চলছে বিশেষ চেকিং৷ জানা গিয়েছে, করিমগঞ্জ সীমান্ত লাগোয়া বাংলাদেশের ভূখণ্ডে সন্দেহভাজনদের উপস্থিতির পরই সতর্ক হয় বিএসএফ ও পুলিশ৷ তারপরেও সীমান্ত পেরিয়ে বাংলাদেশি জঙ্গিদের অনুপ্রবেশ ঘিরে উদ্বিগ্ন অসম সরকার৷

 

গত বছর বাংলাদেশের রাজধানী ঢাকার ভয়াবহ গুলশন হামলা হয়৷ তখনই জানা গিয়েছিল অসম জঙ্গিদের বিশেষ টার্গেট৷ জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) এই রিপোর্ট দিয়েছে৷ জামাত উল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) ও নব্য জেএমবি জঙ্গিদের রুখতে অসম সীমান্তে বিশেষ নিরাপত্তার কথা জানায় রাজ্য সরকার৷
২০১৪ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান শহরের খাগড়াগড়ে বিস্ফোরণ হয়৷ তদন্তে উঠে আসে জেএমবি জঙ্গিদের জালচক্র৷ ভারতে ঘাঁটি গেড়ে বাংলাদেশে সরকার পতন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনের চক্রান্ত করা হয়েছিল৷

 

অসম-বাংলাদেশ সীমান্ত এলাকায় ছড়িয়ে থাকা জঙ্গি জালের সন্ধান পায় এনআইএ৷ ধরা পড়ে একাধিক চাঁই৷ এখনও বেশ কয়েকজন অধরা ৷ এরপরেই গত বছর ঢাকার গুলশনে জঙ্গি হামলায় কেঁপে যায় আন্তর্জাতিক মহল৷ গোয়েন্দা রিপোর্ট বলছে, সেই হামলার পর কয়েকজন শীর্ষ জেএমবি ও নব্য জেএমবি নেতা ভারতে আত্মগোপন করেছে৷ তারাই উত্তরপূর্ব ভারতে নাশকতার ছক করেছে৷

সূত্র: কলকাতা 24