অর্থ ও বাণিজ্য

অভ্যুত্থানের পরও অর্থনীতি স্থিতিশীল, ব্যতিক্রম বললেন আনিসুজ্জামান চৌধুরী

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তনের পর বিশ্বের অনেক দেশ অর্থনৈতিক সংকটে পড়েছে। তবে এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যতিক্রম বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার অর্থবিষয়ক বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী।

বুধবার (১৩ আগস্ট) রাজধানীর বনানীর শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত ‘ফরেন ইনভেস্টরস সামিট ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড এই বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে।

আনিসুজ্জামান চৌধুরী বলেন, বাংলাদেশের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পরও জিডিপিতে তেমন প্রভাব পড়েনি। মূল্যস্ফীতি উল্টো কমেছে।

আনিসুজ্জামান চৌধুরী বলেন, বিশ্ব অর্থনীতির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পুঁজিবাজারের সাম্প্রতিক সাফল্যে এটা স্পষ্ট, দেশের অর্থনীতি স্থিতিশীল। গত মাসে বৈশ্বিক শেয়ারবাজারের উত্থানে এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল তৃতীয়।

যে পুঁজিবাজার একসময় লুটপাটের শিকার হয়েছিল, সেই বাজারে এক মাসে এমন উত্থান ঘটেছে। এটি সত্যিই প্রশংসার দাবিদার।
তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর শক্তিশালী ও সুশাসিত পুঁজিবাজার গড়ার জন্য কাজ করছে। ‘তিন শূন্য’: শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্য অর্জনে এই প্রচেষ্টা।

বিনিয়োগকারীদের উদ্দেশে আনিসুজ্জামান চৌধুরী বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য এখন ভালো সুযোগ। আমাদের পুঁজিবাজারও দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য প্রস্তুত। শুধু বিদেশি বিনিয়োগকারীদের নয়, এই বার্তা দেশীয় বিনিয়োগকারীদের কাছেও পৌঁছে দিতে চান বলে মন্তব্য করেন তিনি।