সিল্কসিটিনিউজ ডেস্ক :
বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় এখন শান্তি ও নিরাপত্তা ফিরে এসেছে। এর ফলে বছরের পর বছর শরণার্থী শিবিরে কষ্ট আর দুঃখের মধ্যে দিন কাটানোর পর অবশেষে নিজ দেশে ফিরতে শুরু করেছেন সিরিয়ার হাজার হাজার নাগরিক।
আসাদের শাসনে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও এক চরম মানবিক সংকটের মুখে নিরাপত্তার আশায় প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গিয়েছিলেন লাখ লাখ সিরীয়।

তাদেরই একজন মোহাম্মদ রহমান। তিনি দীর্ঘ ছয় বছর বিদেশে শরণার্থী শিবিরে কাটানোর পর অবশেষে ইদলিবের দক্ষিণের কাফার সিজনাহ গ্রামে ফিরেছেন।
এজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তিনি বলেন, ‘আমরা শরণার্থী শিবিরে অত্যন্ত কঠিন অবস্থায় দিন কাটিয়েছি। কিন্তু এখন আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আমাদের ভূমি মুক্ত হয়েছে’।
তার ভাষায়, ‘আমরা আমাদের দেশেই ফিরছি, এমনকি যদি তা ধ্বংসপ্রাপ্ত হয়-ও’।
যদিও আসাদবাহিনীর হামলায় তাদের পুরো গ্রাম ব্যাপকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়। তবুও মোহাম্মদ রহমান নিজের ভাঙা ঘরের ধ্বংসাবশেষের ওপর তাঁবু গেঁড়ে বসবাস শুরু করার পরিকল্পনা করছেন, স্বদেশের প্রতি তার প্রতিশ্রুতির প্রতীক হিসেবে।
কাফার সিজনার আরেক বাসিন্দা আল-রেজ্জাক মোহাম্মদ জানান, ২০১৯ সালে সিরিয়া থেকে পালানোর পর তারা শরণার্থী শিবিরে চরম কষ্টে দিন কাটিয়েছেন।
তার ভাষায়, ‘আমরা তীব্র আবহাওয়া ও তাঁবু বা আশ্রয়ের অভাবের মধ্যে অনেক ভুগেছি।
এখন আমরা আমাদের গ্রামে ফিরছি, ধ্বংস হলেও ফিরছি। কারণ, গ্রামের কঠিন জীবনও বাস্তুচ্যুত জীবনের চেয়ে অনেক বেশি মর্যাদাপূর্ণ’।
নিজ দেশে ও নিজের গ্রামে বসবাস অনেক আনন্দের উল্লেখ করে মোহাম্মদ আরও বলেন, ‘গ্রামে সব ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে—কিছু বিমান হামলায়, আর কিছু লুটপাট ও ইচ্ছাকৃত ধ্বংসের কারণে। তবুও ফিরে আসার যে আনন্দ ও স্বস্তি—তা এসব ধ্বংসের দুঃখকে ছাপিয়ে গেছে’।
প্রায় ২৫ বছর সিরিয়া শাসনের পর বাশার আল-আসাদ গত ডিসেম্বরে এক অভ্যুত্থানের মুখে রাশিয়ায় পালিয়ে যান। এর মাধ্যমে সিরিয়ায় ১৯৬৩ সাল থেকে ক্ষমতায় থাকা বাথ পার্টি শাসনের অবসান ঘটে।
আসাদ বিরোধী ওই অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দেন বর্তমান প্রেসিডেন্ট আহমাদ আল-শারা। তিনি চলতি বছরের জানুয়ারির শেষ দিকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।
সূত্র: যুগান্তর










