রাজশাহী

অবরুদ্ধ অবস্থায় অ্যাকাডেমিক সভা চলছে, অনঢ় আন্দোলনরত শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক৫ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয়ে অবরুদ্ধ অবস্থায় জরুরী অ্যাকাডেমিক সভা করছে রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। আর বাইরে ৩৩ ক্রেডিট বাতিলের দাবিতে আন্দোলনে অনঢ় শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন।

আজ রোববার সকাল ১০টা ৪৫ মিনিটে এ জরুরী অ্যাকাডেমিক সভা অনুষ্ঠিত হয়।

এর আগে ৩৩ ক্রেডিট অর্জন পদ্ধতি বাতিলের দাবিতে আদায়ের আন্দোলনে অনঢ় শিক্ষার্থীরা। সকাল থেকে চলা  এ আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন তারা। ক্রেডিট প্রথা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের এ দাবি মানতে নারাজ রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ। বর্তমানে রুয়েট ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা যায়, সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অবস্থান নেন আন্দেলনরত শিক্ষার্থীরা। এ সময় ক্রেডিট প্রথা বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

এদিকে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়ায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ অবরুদ্ধ রয়েছেন। গতকাল শনিবার শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্যের দপ্তরের সামনে গিয়ে অবস্থান নেন।

সন্ধ্যায় সেখানে রক্ত ঢেলে প্রতিবাদ করে শিক্ষার্থীরা। রাত আটটার দিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে রুয়েট ছাত্রলীগের সভাপতি নাইমুর রহমান নিবিড় ও সাধারণ সম্পাদক তপু ভিসির কাছে দাবি দাওয়া নিয়ে গেলেও কোন সুরাহা হয়নি। ফলে আরও উত্তেজিত হয়ে পড়েন শিক্ষার্থীরা। চলতে থাকে দাবি আদায়ের নানা

স্লোগান।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলতে থাকবে। সকল শিক্ষকদের সাথে বৈঠক করে দাবি মেনে নিলে তবেই এই আন্দোলন তুলে নেয়া হবে।

উল্লেখ্য, রুয়েটের শিক্ষার্থীরা আজ ষষ্ঠ দিনের মতো ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে। তবে এখন পর্যন্ত দাবির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনঢ় অবস্থানে ছিলেন। এর আগে আন্দোলন থামাতে ৩১ জানুয়ারি রুয়েট প্রশাসন ১৪ ও ১৫ সিরিজের শিক্ষার্থীদের সকল অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিতের ঘোষণা দেয়। পরের দিন আন্দোলনরত শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

 

স/আ