সিল্কসিটিনিউজ ডেস্ক :
ফুটবলে অফসাইড সিদ্ধান্ত নিয়ে বিতর্ক ও দীর্ঘ অপেক্ষার দিন শেষ হতে পারে ২০২৬ বিশ্বকাপে। নতুন প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছে ফিফা, যার ফলে অফসাইডের সিদ্ধান্ত আরো দ্রুত ও নির্ভুলভাবে দেওয়া সম্ভব হবে।
ফিফা জানিয়েছে, আসন্ন বিশ্বকাপে উন্নত সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি (এসএওটি) ব্যবহার করা হবে। এই প্রযুক্তির মাধ্যমে কোনো খেলোয়াড় ১০ সেন্টিমিটারের বেশি অফসাইড অবস্থানে থাকলে সহকারী রেফারির কাছে তাৎক্ষণিক অডিও সতর্কবার্তা পৌঁছে যাবে। ফলে আগের মতো আক্রমণভাগের খেলা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা না করে দ্রুত পতাকা তোলা সম্ভব হবে।

এর আগে ক্লাব বিশ্বকাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপে ব্যবহৃত প্রযুক্তি কেবল তখনই সতর্কবার্তা দিত, যখন কোনো খেলোয়াড় ৫০ সেন্টিমিটারের বেশি অফসাইডে থাকতেন।
নতুন সংস্করণে সেই সীমা অনেক কমিয়ে আনা হয়েছে।
তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সহকারী রেফারির কাছেই থাকবে। কোনো প্রযুক্তিগত ত্রুটির সন্দেহ হলে তিনি পতাকা তুলতে দেরিও করতে পারবেন। ফিফার দাবি, সম্ভাব্য ভুল এড়াতে প্রযুক্তিতে একাধিক নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে।
এ ছাড়া বিশ্বকাপে প্রতিটি খেলোয়াড়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ ত্রিমাত্রিক বা ৩ডি অ্যানিমেশন তৈরি করা হবে। ৪৮ দলের ২৬ সদস্যের স্কোয়াডের মোট ১,২৪৮ জন খেলোয়াড়কে বিশেষ স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে। এর ফলে অফসাইড অ্যানিমেশন আরো স্পষ্ট ও বাস্তবসম্মতভাবে উপস্থাপন করা যাবে।
শুধু অফসাইড নয়, বল মাঠের বাইরে গিয়েছিল কি না তা নির্ধারণেও নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে। বলের ভেতরে থাকা বিশেষ চিপের মাধ্যমে শেষবার কে বল স্পর্শ করেছেন সেটিও শনাক্ত করা যাবে।
এতে কর্নার, গোলকিক কিংবা গোলের আগে বল মাঠের বাইরে গিয়েছিল কি না, এসব সিদ্ধান্ত আরো নির্ভুল হবে।
ফিফা আরো জানিয়েছে, গোলরক্ষকের দৃষ্টিসীমা (লাই অব সাইট) বাধাগ্রস্ত হয়েছে কি না, সেটি নির্ধারণে উন্নত ৩ডি প্রযুক্তি ব্যবহার করা হবে। এতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিদের (ভিএআর) জন্য বিতর্কিত অফসাইড পরিস্থিতি মূল্যায়ন করা সহজ হবে।
ফিফার আশা, নতুন প্রযুক্তি সমর্থক ও খেলোয়াড়দের হতাশা কমাবে, সিদ্ধান্ত গ্রহণের গতি বাড়াবে এবং অপ্রয়োজনীয় খেলা চালিয়ে যাওয়ার কারণে সম্ভাব্য চোটের ঝুঁকিও কমিয়ে দেবে।










