ধর্ম

অন্যের সম্পদের ব্যাপারে নববী দৃষ্টিভঙ্গি

নিউজ ডেস্ক২৮ জুলাই ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আব্দুল্লাহ ইবনুস সায়িব ইবনু ইয়াযীদ রাহিমাহুল্লাহ তার পিতা থেকে তার দাদার সূত্রে বর্ণনা করেন যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছেন-

لَا يَأْخُذَنَّ أَحَدُكُمْ مَتَاعَ أَخِيهِ لَاعِبًا، وَلَا جَادًّا وَمَنْ أَخَذَ عَصَا أَخِيهِ فَلْيَرُدَّهَا

‘তোমাদের কেউ যেন তার ভাইয়ের কোনো জিনিস না নেয়, খেলাচ্ছলেই হোক কিংবা বাস্তবিকই হোক। আর কেউ তার কোনো ভাইয়ের লাঠি নিয়ে থাকলে তা যেন ফিরিয়ে দেয়।

-(সুনানে আবু দাঊদ, হাদিস : ৫০০৩)

সংক্ষিপ্ত ব্যাখ্যা

এই হাদিস আমাদেরকে গুরুত্বপূর্ণ একটি সামাজিক শিক্ষা প্রদান করে। যা সমাজে পারস্পরিক সম্মান, ব্যক্তিগত সম্পদের মর্যাদা এবং বন্ধুত্বপূর্ণ আচরণের সীমানা নির্ধারণ করে দিয়েছে।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হাদিসে শিক্ষা দিয়েছেন যে, কোনো মুসলিম যেন তার ভাইয়ের কোনো বস্তু নিজের ইচ্ছামতো না নেয়, তা মজা করে হোক অথবা সত্যিকারভাবে হোক। এমনকি ছোট একটি জিনিস, যেমন লাঠি (যা আরবদের সময় ব্যক্তিগত ব্যবহার ও সম্মানের প্রতীক ছিল) সেটিও অনুমতি ছাড়া নিতে তিনি নিষেধ করেছেন। আর কউ নিয়ে নিলেও তাকে ফেরত দেয়ার আদেশ করেছেন।

হাদিসের মূল শিক্ষা:
একজন মুসলমানের সম্পদের উপর অন্যের কোনো অধিকার নেই, যতক্ষণ না সে অনুমতি দেয়।

মজা করেও অন্যের মাল গ্রহণ করার সুযোগ নেই। কারণ  এতে অপমান, কষ্ট বা অধিকার লঙ্ঘনের মতো বিষয় শামিল থাকতে পারে। যদি কেউ কোনো ভাইয়ের কিছু নিয়ে থাকে, তাহলে তা অবশ্যই ফিরিয়ে দিতে হবে। ইসলামে অন্যের মালিকানার প্রতি শ্রদ্ধা প্রদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ হাদিসটি ইসলামে সামাজিক নৈতিকতার একটি বড় দৃষ্টান্ত।

আল্লাহ আমাদের সকলকে আমল করার তাওফিক দান করুন।