সদ্য প্রকাশিত
বিচিত্র

৯ লক্ষ টাকা পুরস্কার বাংলায় চিঠি লিখে! পেতে পারেন আপনিও, জানুন নিয়ম

নিউজ ডেস্ক২৬ সেপ্টেম্বর ২০১৮২ মিনিট পড়া
৯ লক্ষ টাকা পুরস্কার বাংলায় চিঠি লিখে! পেতে পারেন আপনিও, জানুন নিয়ম

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মেল করেন, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে চ্যাটও করেন, কিন্তু চিঠি? শেষ কবে লিখেছেন মনেই পড়ে না। অথচ চিঠি লিখেই কিন্তু আপনার পকেটে ঢুকে পড়তে পারে মোটা অঙ্কের পুরস্কার। জুটতে পারে সরকারি শিরোপাও।

উদ্যোগ ভারতীয় ডাক বিভাগের। ‘ঢাই আখর’ পত্র লিখন প্রতিযোগিতা। বিষয়: ‘মাতৃভূমিকে লেখা চিঠি’। রবীন্দ্রনাথের ‘ও আমার দেশের মাটি’ গানের কথাকে স্মরণ করেই কেন্দ্রের এই প্রতিযোগিতা।

ইংরাজি, হিন্দি ও যে কোনও স্থানীয় ভাষায় চিঠি লিখে অংশগ্রহণ করা যাবে। এই রাজ্যের ক্ষেত্রে যেমন বাংলায় চিঠি লিখতে হবে। চিঠি জমা দিতে হবে পোস্ট অফিসেই।

যে কোনও বয়সের ভারতীয় নাগরিকই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তবে আঠেরো বছর ও আঠেরো বছরের ঊর্ধ্বে— রয়েছে দু’টি বিভাগ। প্রতিটির ক্ষেত্রেই ‘ইনল্যান্ড লেটার’ এবং ‘এনভালপ’ বা খাম, এই দু’রকম ভাবে লেখা যাবে চিঠি।

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মোট পুরস্কার মূল্য ৯ লক্ষ টাকা। প্রতি বিভাগেই স্থানীয় স্তরে বা ‘সার্কেল লেভেল’-এ তিন জনকে পুরস্কৃত করা হবে। পুরস্কারের মূল্য ২৫ হাজার, ১০ হাজার ও ৫ হাজার টাকা। এর পরে হবে জাতীয় পর্যায়ের বিচার। সেখানে প্রথম পুরস্কারের মূল্য ৫০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ২৫ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার ১০ হাজার টাকা।

জুন মাসে শুরু হওয়া এই প্রতিযোগিতা শেষ হতে আর মোটে কয়েক দিন বাকি। ৩০ সেপ্টেম্বরের মধ্যেই পাঠাতে হবে হাতে লেখা চিঠি। এ ব্যাপারে সবিস্তারে জানা যাবে স্থানীয় পোস্ট অফিস কিংবা indiapost.gov.in ওয়েবসাইটে।