সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

৬ জেলায় বন্দুকযুদ্ধে ৯ মাদক ব্যবসায়ী নিহত

নিউজ ডেস্ক২৯ মে ২০১৮৮ মিনিট পড়া
৬ জেলায় বন্দুকযুদ্ধে ৯ মাদক ব্যবসায়ী নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:  সারা দেশে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশ ও র‌্যাবের বন্দুকযুদ্ধ অব্যাহত রয়েছে। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বন্দুকযুদ্ধে এবং মাদক ব্যবসায়ীদের নিজেদের মধ্যে গোলাগুলিতে দেশের ছয়টি জেলায় নয়জন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

কুমিল্লা, কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, ময়মনসিংহ ও নোয়াখালীতে এসব বন্দুকযুদ্ধ ঘটে।

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত
রাইজিংবিডির কুষ্টিয়া সংবাদদাতা কাঞ্চন কুমার জানান, কুষ্টিয়ায় দৌলতপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী মোকাদ্দেশ হোসেন (৩০) ও ফজলুর রহমান টাইটেল (৩৫) নিহত হয়েছে।

পুলিশের দাবি, এ ঘটনায় তাদের চার সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করেছে।

সোমবার দিবাগত ৩টার দিকে দৌলতপুরের শিয়ালা মাঠে এ বন্দুকযুদ্ধের  ঘটনা ঘটে।

দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে একদল মাদক ব্যবসায়ী দৌলতপুরের শিয়ালা মাঠে অবস্থান করছে, এমন গোপন সংবাদ পেয়ে দৌলতপুরে থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য কর গুলি ছোঁড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানতে পারে বন্দুকযুদ্ধে নিহত মোকাদ্দেশ হোসেন ও ফজলুর রহমান টাইটেল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। বন্দুকযুদ্ধে চার পুলিশ সদস্য আহত হলে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি বন্দুক, দুই রাউন্ড গুলি, একটি পিস্তলের ম্যাগজিন ও ২৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। নিহত মাদক ব্যবসায়ী মোকাদ্দেশ হোসেন দৌলতপুর উপজেলার মুন্সিগঞ্জ এলাকার মৃত রেজাউল হকের ছেলে ও ফজলুর রহমান টাইটেল একই উপজলার প্রাগপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

যশোরে নিজেদের গোলাগুলিতে ২ মাদক ব্যবসায়ী নিহত
রাইজিংবিডি নিজস্ব প্রতিবেদক বি এম ফারুক জানান, যশোরে মাদক ব্যবসায়ীদের নিজেদের গোলাগুলিতে দুইজন নিহত হয়েছে।

মঙ্গলবার ভোররাতে যশোর শহরের চাঁচড়া রায়পাড়া ও যশোর-মাগুরা মহাসড়কের নোঙরপুর এলাকায় পৃথক দুটি ঘটনায় এই তিনজন নিহত হয়।

নিহত দুই মাদক ব্যবসায়ী হলেন- যশোর শহরের রায়পাড়া এলাকার মানিক ও মণ্ডলগাতি এলাকার আসর আলী। পুলিশ নিহত দুইজনের লাশ উদ্ধার করে যশোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। একইসাথে ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি কে এম আজমল হুদা জানান, মঙ্গলবার ভোররাতে যশোর শহরের চাঁচড়া রায়পাড়া প্রাথমিক বিদ্যালয় এলাকায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আজমল হুদা আরো জানান, নিহত মানিক ও আসর আলী চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধারের পাশাপাশি ঘটনাস্থল থেকে ৬শ’ পিস ইয়াবা, দুটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও পাঁচটি গুলির খোসা উদ্ধার করেছে। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

কুমিল্লায় বন্দুকযুদ্ধ ২ মাদক ব্যবসায়ী নিহত
রাইজিংবিডির কুমিল্লা সংবাদদাতা জাহাঙ্গীর আলম ইমরুল জানান, কুমিল্লায় মাদকবিরোধী অভিযান চলাকালে মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে গুলিবিব্ধ হয়ে লিটন ওরফে কানা লিটন (৪৩) ও বাতেন (৩৪) নামের দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ নিয়ে কুমিল্লায় মোট ১২ জন মাদক ব্যবসায়ী বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলার মুরাদনগর উপজেলার গুঞ্জর এলাকায় গোমতী প্রতিরক্ষা বাঁধের পাশে ভাই ভাই ব্রিক ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের তিন কর্মকর্তা।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি পাইপগান ও ৪০০ বোতল ফেনসিডিল। বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মঞ্জুর আলম।

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার করতে অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে তিনিসহ (ওসি) পুলিশের একটি দল মুরাদনগর উপজেলার গুঞ্জুর এলাকায় গোমতী বাঁধের পাশে অবস্থান নেন। সেখানে মাদক ব্যবসায়ী কানা লিটন ও বাতেনসহ তাদের সহযোগীরা পৌঁছলে তাদের আটকের চেষ্টাকালে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষায় ৫৩ রাউন্ড শটগানের গুলি চালায়।

এ সময় উভয় পক্ষের গুলি বিনিময়ে মাদক ব্যবসায়ী লিটন ও বাতেন গুলিবিব্ধ হয়ে গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে উভয়ের মৃত্যু হয়।

নিহত লিটন উপজেলার পৈয়াপাথর এলাকার আবদুস ছামাদের ছেলে। তার বিরুদ্ধে সাতটি মাদকের মামলা রয়েছে এবং বাতেন একই উপজেলার বাখরনগর গ্রামের সহিদ মিয়ার ছেলে, তার বিরুদ্ধে আটটি মাদকের মামলা রয়েছে।

ওসি আরো জানান, ওই অভিযানের সময় থানার এসআই মোজাম্মেল, এএসআই রোকন ও এএসআই মাসুদুর রহমান আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে এক রাউন্ড কার্তুজসহ একটি পাইপগান, ৪০০ বোতল ফেনসিডিল ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত এক সপ্তাহে জেলার কোতোয়ালিতে তিনজন, চৌদ্দগ্রামে একজন, সদর দক্ষিণে দুইজন, বুড়িচংয়ে একজন, ব্রাহ্মণপাড়ায় দুইজন এবং দেবিদ্বারে একজন ও সর্বশেষ মুরাদনগরে দুইজনসহ মোট ১২ জন মাদক ব্যবসায়ী বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

ঠাকুরগাঁওয়ে বন্দুকযুদ্ধে ১ মাদক ব্যবসায়ী নিহত
রাইজিংবিডির ঠাকুরগাঁওয়ের সংবাদদাতা তানভীর হাসান তানু জানান, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হারুন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।

মঙ্গলবার ভোররাতে উপজেলার শীতলপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হারুন হরিপুর উপজেলার শীতলপুর এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার শীতলপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় হারুনসহ কয়েকজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও মাদক ব্যবসায়ীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের পাল্টাপাল্টি গুলি বর্ষণে হারুন (৪৫) নামের এক মাদক ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীরা হামলা করলে পুলিশও পাল্টা হামলা করে এবং হারুন নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়। হারুনের বিরুদ্ধে হরিপুর থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।’

ময়মনসিংহে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১
রাইজিংবিডির ময়মনসিংহের নিজস্ব প্রতিবেদক শেখ মহিউদ্দিন আহাম্মদ জানান, ময়মনসিংহের ভালুকায় ডিবি ও ভালুকা মডেল থানা পুলিশের যৌথ অভিযানকালে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় বন্ধুকযুদ্ধে ভালুকা থানার ইন্সপেক্টর (অপারেশন) আবুল কালাম আজাদ ও এএসআই শাহ আলম গুরুতর আহত হন।

পুলিশ জানায়, ময়মনসিংহের ভালুকা থানাধীন পাড়াগাঁও চটানপাড়া সামাদ ফকির বাড়ি এলাকায় কতিপয় মাদক ব্যাবসায়ী মাদক ভাগাভাগি করছে, এমন সংবাদের প্রেক্ষিতে ময়মনসিংহ ডিবি পুলিশ এবং ভালুকা থানার যৌথ অভিযান পরিচালনাকালে সোমবার দিবাগত রাত সোয়া ২টার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপসহ এলোপাথারী গুলি বর্ষণ করে। পুলিশের যৌথ টিম আত্মরক্ষার জন্য গুলি ছোঁড়ে। এতে উভয়ের মধ্যে গুলি বিনিময়ের এক পর্যায়ে আসামিরা পালিয়ে যায়। এলাকা তল্লাশিকালে শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক ডাকাতি মামলার আসামি মো. মিজানকে (৪৫) গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কর্তব্যরত চিকিৎসক আসামিকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল হতে ১০০ গ্রাম হেরোইন, তিনটি গুলির খোসা, একটি রামদা, একটি চাপাতি উদ্ধার করা হয়। মৃত মিজানের বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতিসহ ৮/৯টি মামলা আছে।

সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার
রাইজিংবিডির সাতক্ষীরা সংবাদদাতা এম শাহীন গোলদার জানান, সাতক্ষীরার কলারোয়ায় আনিসুর রহমান নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, তিনি মাদক ব্যবসায়ী। কলারোয়ার ইয়াবা সম্রাট নামে পরিচিত এই ব্যক্তি মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলে মাদকের ভাগাভাগি নিয়ে সংঘর্ষের জেরে গোলাগুলির মধ্যে মারা গেছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নিহতের নাম আনিসুর রহমান (৪০)। তিনি কলারোয়ার পাকুড়িয়া গ্রামের সুরত আলির ছেলে।

তবে নিহত ব্যক্তির স্ত্রী নাজমা বেগমের দাবি, তার স্বামীকে সোমবার সকালে বাড়ি থেকে চোখ বেঁধে তুলে নিয়ে গেছে সাদা পোশাকধারীরা। পরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, সোমবার রাত সোয়া ২টায় তার কাছে খবর আসে যে, দেয়াড়া ইউনিয়নের চিতলার মাঠে অভ্যন্তরীণ কোন্দলে মাদকের ভাগাভাগি নিয়ে চোরাচালানিদের দুটি বিবাদমান গ্রুপ গোলাগুলি করছে। এ খবর পেয়ে খোরদো পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম একদল পুলিশ সদস্য নিয়ে সেখানে গিয়ে তাদের নিবৃত্ত করার চেষ্টা করেন। এ সময় পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

ওসি জানান, কিছুক্ষণ পর গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনিসুরের বিরুদ্ধে সাতক্ষীরা জেলায় ১০টি মাদক মামলা রয়েছে।

ওসি জানান, ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি ও ৭০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। নিহত আনিসুরের লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, নিহতের স্ত্রী নাজমা বেগম জানান, তার স্বামীকে সোমবার সকালে বাড়ি থেকে সাদা পোশাকধারীরা তুলে আনার পর তিনি কলারোয়া থানা ও খোরদো পুলিশ ক্যাম্পে খোঁজ নিলে জানানো হয়, পুলিশ তাকে আটক করেনি। তিনি বিষয়টি নিয়ে প্রথমে কলারোয়া ও পরে সাতক্ষীরায় একটি সংবাদ সম্মেলন করার চেষ্টা করেন। রাতে কলারোয়া থানায় একটি জিডি করতে গেলে পুলিশ তাও নেয়নি। বলেছে একটু দেরি করতে। তবে ওসি বলেন, তিনি এ সম্পর্কে আর কিছু জানেন না।

রাইজিংবিডি