সদ্য প্রকাশিত
খেলা

৪০ বছর বয়সেও বিশ্বকাপ খেলার স্বপ্ন ম্যাক্সওয়েলের

নিউজ ডেস্ক৪ মার্চ ২০২৬২ মিনিট পড়া
৪০ বছর বয়সেও বিশ্বকাপ খেলার স্বপ্ন ম্যাক্সওয়েলের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল জানিয়েছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার কোনো নির্দিষ্ট সময় এখনো ঠিক করেননি তিনি। ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার আশাও ছাড়ছেন না এই তারকা ক্রিকেটার।

বর্তমানে ৩৭ বছর বয়স ম্যাক্সওয়েলের। ২০২৮ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তার বয়স হবে ৪০।

ওই বিশ্বকাপের কয়েক মাস আগেই লস অ্যাঞ্জেলেস অলিম্পিক অনুষ্ঠিত হবে, যেখানে ক্রিকেটও অন্তর্ভুক্ত হওয়ার কথা রয়েছে।
এরই মধ্যে মেলবোর্ন স্টার্সের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছেন ম্যাক্সওয়েল, যার ফলে তিনি অন্তত ২০২৮ সাল পর্যন্ত বিগ ব্যাশ লিগে খেলবেন। পাশাপাশি চলতি বছর তিনি পাকিস্তান সুপার লিগ (পিএসএল), মেজর লিগ ক্রিকেট (এমএলসি) এবং ইউরোপভিত্তিক নতুন টি-টোয়েন্টি লিগেও খেলবেন। ওই নতুন লিগের একটি ফ্র্যাঞ্চাইজির সহ-মালিকও তিনি।

তবে সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গ্রুপ পর্ব থেকেই বিদায় এবং ম্যাক্সওয়েলের সাম্প্রতিক পারফরম্যান্স তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। সাবেক অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, ২০২৮ সালের বিশ্বকাপে ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়া দলে না-ও থাকতে পারেন।

ম্যাক্সওয়েল ইতিমধ্যে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং সামনে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি সূচিও খুব বেশি ব্যস্ত নয়। ২০২৭ সালের আগস্টের আগে অস্ট্রেলিয়ার মাত্র আটটি দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।

তবে এখনই কোনো সিদ্ধান্ত নিতে চান না ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘আগামী ১২ মাসে কী হয় সেটাই দেখছি। সামনে খুব বেশি টি-টোয়েন্টি নেই, তাই এখনই আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়ার প্রয়োজন নেই। শরীর কেমন থাকে এবং সুযোগ এলে খেলতে পারি কি না, সেটাই দেখব।’

সাম্প্রতিক বিশ্বকাপে ব্যাট হাতে খুব একটা সফল ছিলেন না ম্যাক্সওয়েল।

তিন ম্যাচে করেন ৯, ৩১ ও ২২ রান, যেখানে তার স্ট্রাইক রেট ছিল মাত্র ১১০.৭১। গত অক্টোবর থেকে টি-টোয়েন্টিতে ১২ ইনিংসে তার গড় মাত্র ১৫.৫৫।
এরপরও নিজের সামর্থ্যে আস্থা রাখছেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। তার ভাষায়, ‘আমি এখনো মনে করি দলের জন্য অনেক কিছু দেওয়ার আছে।’

আগামী জুনে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এশিয়া সফরে আসবে অস্ট্রেলিয়া। সেই সফরে ওয়ানডে সিরিজও রয়েছে, যা ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ।