সিল্কসিটিনিউজ ডেস্ক :
তিন দফা দাবি আদায়ে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় প্রশাসন ভবন চত্বরে এই কর্মসূচি করেন তারা। পরে দুপুর ২টার দিকে তিন দাবি নিয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলীর সঙ্গে সাক্ষাৎ করেন নেতাকর্মীরা।
তাদের দাবি হচ্ছে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষক নিয়োগ বোর্ড বাতিল ও বিশ্ববিদ্যালয়ের বাস চালককে মারধরের সুষ্ঠু বিচার।

উপ-উপাচার্যের সঙ্গে সাক্ষাতের সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, আনারুল ইসলাম, রোকন উদ্দিন, আবু দাউদ, আহসান হাবীব সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন উল্লাস ও সাব্বিরসহ অন্য নেতাকর্মীরা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ৯ অক্টোবর ফোকলোর স্টাডিজ ও ১০ অক্টোবর ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড অনুষ্ঠিত হয়। নিয়োগ বোর্ডের মাধ্যমে ছাত্রলীগ ও আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে বলে অভিযোগ তুলেন ছাত্রদল নেতারা।
ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, ফোকলোর স্টাডিজ বিভাগে আওয়ামী দোসর ও ছাত্রলীগ সংশ্লিষ্টদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়েছে।
এ ছাড়া ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের নিয়োগ বোর্ডে ফ্যাসিস্ট হিসেবে পরিচিত বিভাগের সভাপতিকে রাখা হয়েছে। আওয়ামী লীগের পুনর্বাসন এই ক্যাম্পাসে চলবে না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিয়োগ বোর্ড বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
তারা আরো বলেন, সাজিদ হত্যার ঘটনার দুই মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত খুনিদের গ্রেপ্তার করা হয়নি।
অবিলম্বে সাজিদ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি শুক্রবার রাতে ঝিনাইদহের শৈলকূপা এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাস চালকের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ছাত্রদল নেতারা। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি করেন তারা।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন ব্যর্থ প্রশাসন। এমন নির্লজ্জ প্রশাসন আগে দেখিনি।
ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আপনাদের চেয়ারে বসানো হয়েছে। আর আপনারা আছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের পুনর্বাসনে। নিয়োগের হায়্যার বোর্ডে ফ্যাসিস্টদের রাখা হয়েছে। ফোকলোর বিভাগের শিক্ষক নিয়োগ পরীক্ষায় ছাত্রলীগকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিয়োগ বোর্ড বাতিল করতে হবে।
তিনি সাজিদ হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং বিশ্ববিদ্যালয়ের বাস চালকের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান।









