সিল্কসিটিনিউজ ডেস্ক :
আগের মাসের তুলনায় সেপ্টেম্বরে কিছুটা বেড়েছে দৈনিক প্রবাসী আয়ের পরিমাণ। চলতি মাসের তিন সপ্তাহে ১৬৩ কোটি ৪২ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। হিসাব অনুযায়ী দৈনিক ৭.৭৬ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে ২১ দিনে। আগস্ট মাসে প্রতিদিন গড়ে ৭.১৬ কোটি ডলার এসেছিল।
গত ২১ দিনে যে রেমিট্যান্স এসেছে তা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) ১৯ হাজার ৬১১ কোটি টাকার বেশি।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন বলছে, চলতি মাস সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে ১৬৩ কোটি ৪২ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আর প্রতিদিন আসছে ৭ কোটি ৭৬ লাখ ডলার করে। এভাবে রেমিট্যান্স আসার ধারাবাহিকতা থাকলে চলতি মাসে প্রায় আড়াই বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসবে বলে ধারণা করছেন ব্যাংকাররা।
আলোচিত সময়ে (২১ দিনে) রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৪৮ কোটি ৭ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৬ কোটি ৯৮ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৭ কোটি ৯৬ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।
দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ ২৬০ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল ২০২০ সালের জুলাই মাসে। বছরওয়ারি হিসাবে সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২০২০-২০২১ অর্থবছরে। ওই অর্থবছরে মোট রেমিট্যান্স আসে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন বা ২ হাজার ৪৭৮ কোটি ডলার।
আর চলতি বছরের জুন মাসে ব্যাংকিং চ্যানেলে মোট ২৫৪ কোটি ডলারের প্রবাসী আয় দেশে এসেছে। বাংলাদেশি মুদ্রায় যা ২৯ হাজার ৭১৮ কোটি টাকা। এটি এখন পর্যন্ত্ম দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স বা প্রবাসী আয়।
সূত্র: কালের কণ্ঠ









