সিল্কসিটিনিউজ ডেস্ক:
জনপ্রিয় সিরিজ ‘হ্যারি পটার’-এর নতুন সিরিজে ‘সেভেরাস স্নেপ’ চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়ে ব্রিটিশ-ঘানায়ান অভিনেতা পাপা এসিয়েদু বর্ণবাদী হুমকির শিকার হয়েছেন।
ভক্তদের একাংশ তার ওপর প্রলোভন, সমালোচনা ও প্রাণনাশের হুমকি দিয়েছে। এই পরিস্থিতিতে অভিনেতা ও সংশ্লিষ্ট কলাকুশলীদের সুরক্ষায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে এইচবিও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এসিয়েদু জানান, কাল্পনিক এই চরিত্রে একজন কৃষ্ণাঙ্গ অভিনেতাকে মেনে নিতে না পেরে অনেকে তাকে কাজ ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে।
সামাজিক মাধ্যমে তাকে উদ্দেশ করে বলা হচ্ছে, ‘অভিনয় ছাড়ো, নয়তো তোমাকে মেরে ফেলব।’ এমনকি তার বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে বলেও শোনা যাচ্ছে।
তবু এসব হুমকির সামনে দমে যেতে নারাজ এসিয়েদু। তিনি বলেন, ‘ছোটবেলায় হ্যারি পটারের জাদুকরী দুনিয়ায় নিজের মতো কাউকে দেখার স্বপ্ন দেখতাম।
বর্তমান প্রজন্মের শিশুদের জন্য সেই উদাহরণ তৈরি করতেই আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করেছি।’
এইচবিওর প্রধান কেসি ব্লয়েস জানিয়েছেন, হ্যারি পটারের মতো বড় ফ্র্যাঞ্চাইজিতে নেতিবাচক প্রতিক্রিয়া আসবে তা তারা আগেই জানতেন। তাই অভিনেতা-অভিনেত্রীদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহারের প্রশিক্ষণ এবং শক্তিশালী নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
সম্প্রতি এইচবিও ম্যাক্স ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ সিরিজের প্রথম ট্রেলার প্রকাশ করেছে।
২৬ মার্চ মুক্তির মাত্র ৪৮ ঘণ্টায় ট্রেলারটির ভিউ ২৭ কোটি ৭০ লাখ ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে। তবে ভিউ বাড়লেও বিশেষ করে প্রয়াত অভিনেতা অ্যালান রিকম্যানের জায়গায় পাপা এসিয়েদুকে মেনে নেওয়া নিয়ে ইউটিউব ও সামাজিক মাধ্যমে বিতর্ক ও সমালোচনা চলছে।









