অর্থ ও বাণিজ্য

হিলিতে স্থিতিশীল হচ্ছে না ভারতীয় পেঁয়াজের বাজার: দু’দিনের ব্যবধানে কেজিপ্রতি বেড়েছে ৮ টাকা

নিউজ ডেস্ক৫ সেপ্টেম্বর ২০১৯৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

দিনাজপুরের হিলি স্থলবন্দরে স্থিতিশীল হচ্ছে না ভারত থেকে আমদানি পেঁয়াজের বাজার। ঈদের পর দাম হঠাৎ বৃদ্ধি, এরপর দাম কমে আসার পর আবার অস্বাভাবিক হারে বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। এ স্থলবন্দরের আড়ৎগুলোতে দু’দিনের ব্যবধানে কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৬ থেকে ৮ টাকা।

হিলি স্থলবন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, এ বন্দরের আড়ৎগুলোতে দু’দিন আগে ভারত থেকে আমদানি করা প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ২৭ থেকে ৩০ টাকা। বুধবার দাম বেড়ে বিক্রি হয়েছে ৩৫ থেকে ৩৭ টাকা। ঈদের পর আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ ২২ থেকে ২৫ টাকা থেকে লাগামহীনভাবে বেড়ে বিক্রি হয় ৩৮ থেকে ৪৪ টাকা।

আমদানি কম হওয়ায় ভারতের কয়েকটি প্রদেশে বন্যার অজুহাত দেখিয়ে অস্বাভাবিক হারে এই দাম বাড়িয়ে দেয় হিলি স্থলবন্দরের আমদানিকারকরা। আবার ভারত থেকে আমদানি বেড়ে যাওয়ায় আগস্ট মাসের শেষ সপ্তাহে পেঁয়াজের দাম নেমে আসে প্রতি কেজি ২৭ থেকে ৩০ টাকায়। কয়েক দিনে আমদানি কমে আসায় দু’দিন ধরে লাগামহীনভাবে দাম বাড়াতে শুরু করেছে বন্দরের আমদানিকারকরা।

 

বন্দর সূত্র জানায়, হিলি স্থলবন্দরে আমদানি করা পেঁয়াজের দাম ইচ্ছামতো নিয়ন্ত্রণ করছে আমদানিকারকরা। আমদানির তুলনায় চাহিদা কমে হলেই তারা ইচ্ছামতো দাম বাড়ায়। আবার চাহিদার তুলনায় আমদানি বেড়ে গেলে আমদানিকারকরা কমিয়ে আনে পেঁয়াজের দাম। এ স্থলবন্দরের আমদানিকারকরা এ অভিযোগ অস্বীকার করলেও একপর্যায়ে তারা স্বীকার করেন, চাহিদার তুলনায় আমদানি বেড়ে যাওয়ায় দাম বেড়েছে পেঁয়াজের।

হিলি স্থলবন্দর আমদানিকারক গ্রুপের সভাপতি হারুনর রশিদ জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানিতে যে পরিমাণ এলসি (লেটার অব ক্রেডিট) খোলা হয়েছে, সে পরিমাণ পেঁয়াজ সরবরাহ করতে পারছেন না ভারতীয় রফতানিকারকরা। আর চাহিদার তুলনায় সরবরাহ কমে আসায় পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে হিলি স্থলবন্দরে। ভারতে অতিবৃষ্টি ও বন্যার কারণে সে দেশের রফতানিকারকরা চাহিদা অনুযায়ী পেঁয়াজ সরবরাহ করতে পারছেন না। তাছাড়া ভারতে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় এর প্রভাব বাংলাদেশে পড়ছে।

হিলি কাস্টমস সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের চার কর্মদিবসে ভারতীয় ৯৪ ট্রাকে দুই হাজার ৩১০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। হিলি স্থলবন্দরের আমদানিকারকরা ইচ্ছামতো পেঁয়াজের দাম নির্ধারণ করায় বিপাকে পড়েছে হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা ব্যবসায়ীরা। তারা জানান, হঠাৎ দাম বাড়িয়ে দেয়ায় বেশি দামে কিনে বাধ্য হয়ে বেশি দামেই তাদের পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে। এতে ক্রেতাদের সঙ্গে তাদের প্রায়ই বচসা হচ্ছে।

হিলি স্থলবন্দরে ভারতের পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে দিনাজপুরের বাজারগুলোতে। বুধবার দিনাজপুর শহরের বাহাদুরবাজারে প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হয় ৪০ থেকে ৪২ টাকায়। আর দেশি পেঁয়াজ বিক্রি হয় প্রতি কেজি ৫০ টাকায়।