জাতীয়

হাসপাতালে রোগীদের টাকা ছিনতাই চেষ্টা, ৪ নারীর কারাদণ্ড

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের টাকা ছিনতাই চেষ্টার অভিযোগে চার নারীকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আব্দুল্লাহ বিন শফিক।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মর্তুজা বেগম, রুনা বেগম, শাহনাজ বেগম ও বুশরা বেগম। মর্তুজা বেগম হবিগঞ্জের মাধবপুরের বাসিন্দা। অন্য তিনজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। তারা দীর্ঘদিন ধরে রূপসী এলাকার একটি পরিত্যক্ত স্থানে বসবাস করছিলেন।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম জানান, প্রায়ই হাসপাতালে আসা রোগীদের টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের অভিযোগ পাওয়া যায়। সোমবার সকালে রোগীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টার সময় ওই চার নারীকে হাতেনাতে আটক করেন স্বজনেরা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীরা ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, অভিযুক্ত নারীদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। পরে তাদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।