সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

হারিকেন ‘ওটটো’র পর নিকারাগুয়া ও এল সালভাদরে ৭.২ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক২৫ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
হারিকেন ‘ওটটো’র পর নিকারাগুয়া ও এল সালভাদরে ৭.২ মাত্রার ভূমিকম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক:

হারিকেন ‘ওটটো’ আঘাত হানার ১ ঘণ্টার মধ্যেই  মধ্য আমেরিকার দেশ নিকারাগুয়া ও এল সালভাদরে ৭ দশমিক ২ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। দেশ দুটির উপকূলীয় এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নিকারাগুয়ার রাজধানী মানাগুয়া থেকে কোস্টারিকার রাজধানী সান হোসে পর্যন্ত বিস্তৃত এলাকা শক্তিশালী এ ভূমিকম্পের আঘাতে কেঁপে ওঠে।

 

ভূমিকম্পের পর মধ্য আমেরিকার ৩০০ কিলোমিটার উপকূলজুড়ে সুনামির আশঙ্কা করা হল্ওে এখন তা তুলে নিয়েছে প্যাসিফিক সুনামি ্ওয়ার্নিং সেন্টার।

 

ভূমিকম্পের পরপরই এল সালভাদর কর্তৃপক্ষ  ভূমিকম্পের প্রভাবে সুনামি হতে পারে বলে সতর্কতা জারি করে। নিকারাগুয়ার প্রেসিডেন্ট দানিয়েল ওর্তেগাও ভূমিকম্পের পরপরই দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন।

 

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানায়, এল সালভাদর উপকূল থেকে প্রায় ৭৫ মাইল দূরে শক্তিশালী এ ভূকম্পনটি আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র প্রশান্ত মহাসাগরতলের ২০ মাইল নিচে। ভূমিকম্পের প্রভাবে উপকূলীয় এলাকাজুড়ে ৬ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া আশঙ্কা করা হচ্ছে ভূমিধস ও আকস্মিক বন্যারও।

 

ভূমিকম্পটি আঘাত হানার  ১ ঘণ্টা আগে নিকারাগুয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সান হুয়ান দ্য নিকারাগুয়ার কাছের উপকূলভাগে সামুদ্রিক ঝড় ‘ওটটো’  আঘাত হানে।  তখন বাংলাদেশ সময় বৃহস্পতিবার মধ্যরাত। ঝড়টি  এখন প্রবল বেগে পশ্চিমাঞ্চলের  লোকালয়ের দিকে অগ্রসর হচ্ছে। এ মুহূর্তে ঝড়ের প্রভাবে সেখানে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১০ মাইল বা ১৭৫ কিলোমিটার বলে নিকারাগুয়ার ন্যাশনাল হারিকেন সেন্টার জানায়।

 

প্রবল বেগে ধেয়ে যাওয়া হারিকেন ‘ওটটো’র প্রভাবে পাশ্ববর্তী কোস্টারিকায় জরুরি অবস্থা জারি করা হয়। এক টুইটার বার্তায় প্রেসিডেন্ট লুইস গুইয়েরমো সলিস দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানান।

 

হারিকেনে রূপান্তরিত হওয়া মৌসুমি ঝড়টি বুধবার (২৩ নভেম্বর) বিকেল থেকে শক্তি সঞ্চয় করে কোস্টারিকা ও নিকারাগুয়া উপকূলের দিকে অগ্রসর হচ্ছিল। ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ১২০ কিলোমিটার। ওই সময় পাওয়া সবশেষ খবর অনুযায়ী কোস্টারিকার বন্দর নগরী লিমন থেকে ২২৫ কিলোমিটার দূরে অবস্থান করছিলো ঝড়টি।

 

এর আগে মধ্য আমেরিকার আরেক দেশ পানামায় আঘাত হানে ‘ওটটো’। এতে তিনজন নিহত হন ও অন্তত চারজন নিখোঁজের খবর পাওয়া গেছে।

সূত্র: বাংলা নিউজ