সদ্য প্রকাশিত
অন্যান্য

হবিগঞ্জে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আরও এক যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক১৪ এপ্রিল ২০২৩২ মিনিট পড়া
হবিগঞ্জে মাছ ধরা নিয়ে সংঘর্ষে আরও এক যুবকের মৃত্যু

সিল্কসিটি নিউজ ডেস্ক:

হবিগঞ্জের বানিয়াচংয়ে মাছ ধরার ডোবা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সুজিত দাস (৩৫) নামে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে দুপুরে সংঘর্ষে মারা যান সুব্রত দাস নামে একজন। উপজেলার সুবিদপুর ইউনিয়নের মশাকালি গ্রামে বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ইতিপূর্বে এ নিয়ে সংঘর্ষের প্রস্তুতির অভিযোগে কয়েকজনকে আটক করে পুলিশ। তারা কারাগার থেকে মুক্তি পাওয়ার একদিন পরই এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত সুজিত দাস ওই গ্রামের সুনীল দাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মশাকালি গ্রামের একটি ডোবা নিয়ে গ্রামবাসী দুটি পক্ষে বিভক্ত হয়ে পড়ে। একটি পক্ষে সুধাম দাশ এবং অপরপক্ষে নেতৃত্ব দেন গৌরাঙ্গ দাশ। গত ১১ এপ্রিল দু’পক্ষ সংঘর্ষের প্রস্তুতি নিলে পুলিশ ১০ জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। ১২ এপ্রিল তারা জামিনে মুক্ত হন।

বৃহস্পতিবার পুনরায় উত্তেজনা দেখা দিলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে মাথায় টেঁটাবিদ্ধ অবস্থায় সুব্রত দাসকে সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় রাতে সিলেটে নিয়ে যাওয়ার পথে মারা যান সুজিত।

বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বলেন, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে আটক করা হয়েছে। সূত্র: যুগান্তর