সিল্কসিটিনিউজ ডেস্ক:
গ্রাহকদের কাছ থেকে স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে সব মোবাইল ফোন ব্যবহারকারীর কাছে এসএমএস পাঠানো হবে।
রোববার সকাল থেকে এসএমএস পাঠানো শুরু হবে বলে জানা গেছে।

করোনাভাইরাস পরিস্থিতিতে জনগণের সার্বিক অবস্থা জানতে এ উদ্যোগ নিয়েছে সরকার। প্রযুক্তির এমন ব্যবহারে সবাই সাড়া দিলে সবার স্বাস্থ্যের একটা প্রাথমিক চিত্র সম্পর্কে ধারণা মিলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এসএসএসে মোবাইল ফোনের গ্রাহককে বলা হবে আপনার শ্বাস কষ্ট, জ্বর বা কাশি থাকলে ডায়াল করুন *৩৩৩২# নম্বরে।
আগামী দুই দিন ধরে সব কার্যকর মোবাইল সংযোগে এমন এসএমএস পাঠানো হবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন শনিবার এ বিষয়ে একটি নির্দেশনা অপারেটদের কাছে পাঠিয়েছে।
জানা গেছে, কোনো গ্রাহক *৩৩৩২# নম্বরে কল করলে ৯০ সেকেন্ডের একটি আইভিআর ভয়েস পাবে যেখানে আবার তাকে পাঁচটি প্রশ্ন করা হবে।
গ্রাহকদের কাছ থেকে পাওয়া প্রশ্নের উত্তরগুলো সরাসরি চলে যাবে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বা আইইডিসিআরের কাছে।
পরে সেগুলো পর্যালোচনা করে কিছু গ্রাহকের কাছে আরো বিস্তারিত তথ্য জানাতে তাকে আইইডিসিআর থেকে ফোন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।









