রাজনীতি

স্বাক্ষরিত জুলাই সনদ নিয়ে ভিন্নমত বিতর্কের অবসান হয়েছে : রাশেদ খান

নিউজ ডেস্ক১৮ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্বাক্ষরিত জুলাই সনদ নিয়ে ভিন্নমত বিতর্কের অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। রবিবার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ওই পোস্টে তিনি লেখেন, ‘বিএনপিসহ বেশ কয়েকটি দলের ভিন্নমতের সঙ্গে একমত হয়েই জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিল জামায়াতে ইসলামী। জাতীয় ঐকমত্য কমিশন আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানের ঠিক আগের দিন জামায়াতে ইসলামী বলেছিল, পিআর ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করব না। কিন্তু পরের দিন স্বাক্ষর করার জন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সবার আগে তারাই গিয়ে বসে ছিল। জানি না, কোন কারণে বুকে পাথর চাপা দিয়ে জামায়াতে ইসলামী জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছিল! তবে যত কষ্টই তাদের হোক না কেন, তারা স্বাক্ষর করার মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদে থাকা ভিন্নমত বিতর্কের অবসান ঘটেছিল।

’

তিনি লেখেন, ‘এনসিপি সনদে স্বাক্ষর না করে তাদের অবস্থান ধরে রেখেছিল। কিন্তু পরবর্তীতে তারাও স্বাক্ষর করার মধ্য দিয়ে ভিন্নমত বিতর্কের অবসান ঘটিয়ে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের স্বীকৃতি প্রদান করে। বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারর প্রথম দফাতে উল্লেখ করা আছে, জনগণের ম্যান্ডেট পেলে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা হবে। বিএনপি সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব গ্রহণের পর দিন থেকে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথে রয়েছে।

কিন্তু সব দলের স্বাক্ষরের মাধ্যমে ভিন্নমত বিতর্কের যে অবসান ঘটেছে, সেই বিতর্ক নতুন করে সামনে এনে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই।’