সদ্য প্রকাশিত
বিচিত্র

স্কুলেই ‘ব্লু হোয়েলে’র লিঙ্ক খুলল দ্বাদশ শ্রেণির ছাত্র

নিউজ ডেস্ক২১ সেপ্টেম্বর ২০১৭২ মিনিট পড়া
স্কুলেই ‘ব্লু হোয়েলে’র লিঙ্ক খুলল দ্বাদশ শ্রেণির ছাত্র

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বারাসতে ফের ‘ব্লু হোয়েল’ আতঙ্ক। এবার ঘটনাস্থল নবপল্লি বয়েজ হাইস্কুল।

বুধবার স্কুলের দ্বাদশ শ্রেণির কলা বিভাগের এক ছাত্র মারণখেলা ‘ব্লু হোয়েলে’র লিঙ্ক ক্লাসের মধ্যে খোলে। তার হাতে কয়েকটি কাটা দাগ নজরে পড়ে এক সহপাঠীর। তারপরেই খবর যায় স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকের কাছে। কর্তৃপক্ষ বারাসতের ভদ্রবাড়ির বাসিন্দা ওই ছাত্রের অভিভাবকদের ডেকে পাঠান। বারাসত থানার পুলিশ এসে ছাত্রটির সঙ্গে
কথা বলে।

পুলিশ সূত্রের খবর, ছাত্রটি তাদের জানিয়েছে, ইউটিউব থেকে কৌতূহলবশত সে খেলাটি ডাউনলোড করলেও পেজগুলি ঠিকমতো খোলেনি। ওই ছাত্রের হাতের কাটা দাগের সঙ্গে ‘ব্লু হোয়েলে’র সম্পর্ক নেই বলেই মত পুলিশের।

ওই স্কুলের শিক্ষক অরিন্দম দে জানিয়েছেন, এদিন দুপুরে ওই ছাত্র ‘ব্লু হোয়েল’ খেলা নিয়ে সহপাঠীদের সঙ্গে কথা বলে। মোবাইলে কিছু লিঙ্কও দেখায়। তা শিক্ষকদের নজরে আসার পর বিষয়টি নিয়ে ছাত্রদের সতর্ক করা হয়েছে। তাঁর কথায়, ‘‘এটি ক্রমশ সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। তাই কৌতূহলের বশে কেউ এ নিয়ে নাড়াচাড়া করলেও এর ফলে সমস্যা হতে পারে।’’

আজ, বৃহস্পতিবার স্কুলে বিষয়টি সম্পর্কে ছাত্রদের বোঝানোর পরিকল্পনা করেছেন কর্তৃপক্ষ। স্কুলে মোবাইলের ব্যবহার বন্ধের জন্য পুলিশের তরফে আর্জি জানানো হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। যদিও কর্তৃপক্ষের দাবি, স্কুলে মোবাইল নিষিদ্ধই আছে। কেউ কেউ লুকিয়েচুরিয়ে ব্যবহার করে। প্রসঙ্গত, মাসখানেক আগে বারাসতের একটি মেয়েদের স্কুলে দু’জন ছাত্রী ‘ব্লু হোয়েল’ খেলতে গিয়ে ধরা পড়েছিল। তারপর ওই স্কুলে গিয়ে ওয়ার্কশপ করান এক মনোবিদ। এবেলা