জাতীয়

সৈয়দপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক২৩ জুন ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নীলফামারীর সৈয়দপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের (৬৫) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) উপজেলার ওয়াপদা নতুনহাট নেহালপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সকালে স্থানীয় এক ব্যক্তি রেললাইনের পাশে এক বৃদ্ধকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেয়। পরে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

পুলিশ জানায়, মরদেহের মাথায় রক্তাক্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি রেল দুর্ঘটনা হতে পারে।

তবে কোন ট্রেনের ধাক্কায় বা কিভাবে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নিহতের পরনে ছিল সবুজ-খয়েরি রঙের চেক লুঙ্গি ও সুরমা রঙের শর্ট পাঞ্জাবি। মরদেহের পাশ থেকে একটি কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়, যাতে কয়েকটি জামা-লুঙ্গি, একটি চাদর ও কিছু খুচরা টাকা পাওয়া গেছে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলফিকার বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি পিবিআই ও সিআইডি টিম ঘটনাটি তদন্ত করছে এবং বিভিন্ন মাধ্যমে ছবি পাঠিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’