লাইফ স্টাইল

সেফটি পিনের নিচের অংশে গোল ছিদ্র থাকে কেন?

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০২৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দেখতে ছোট হলেও কাজ কিন্তু কম নয়। তেমনই একটি জিনিস সেফটি পিন। ছোট্ট এই পিনটি চোখে দেখেননি বা ব্যবহার করেননি, এমন মানুষ গোটা বিশ্বেই খুঁজে পাওয়া দুষ্কর। কেবল শাড়ি বা হিজাব পরতেই নয়, সেফটি পিনের রয়েছে আরো নানা ব্যবহার।

মাথায় বসানো খানিক অর্ধচন্দ্রাকার গোছের একটা টুপি, যান্ত্রিক পরিভাষায় যাকে বলা হয় হেড বা গার্ড। তার মধ্যেই পেঁচিয়ে থাকে পিনটি। নিচে ছোট্ট গোল প্যাঁচ। মাথার টুপিটি ঢেকে রাখে পিনকে, যাতে তার সূক্ষ্ম অংশ কোনো ক্ষতি করতে না পারে।

আপাত দৃষ্টিতে একেবারে সাধারণ এর কলকবজা। কোনো বিশেষ জটিল প্রযুক্তির বালাই নেই। তবে ছোট্ট ও সাধারণ জিনিসটির প্রয়োজনীয়তার শেষ নেই। শুধু তাই নয়, বেশিরভাগ ক্ষেত্রে এর সম্পূর্ণ ব্যবহার সম্পর্কে এখনো অনেকেই পরিচিত নন।

প্রতিদিনের প্রয়োজনীয় এই ছোট্ট সেফটি পিনের মূলত ব্যবহার করা হয় পিনটিকে। আর এই পিন থেকে সবাইকে সেইফ রাখে ওপরের ঢাকনা বা টুপিটি। তাহলে নিচের প্যাঁচ বা ছোট্ট গোল ফুটোর মতো অংশটির কি কোনো কাজই নেই? কেনই বা রয়েছে এটি? সেফটি পিনের সূক্ষ্ম প্যাঁচে লুকিয়ে থাকা রহস্যের খোঁজ দেওয়া হলো এই প্রতিবেদনে।

সেফটি পিনের ইতিহাস বেশ প্রাচীন। ল্যাটিন ভাষায় একে বলা হতো ‘ফিবুলা’।

এর সূচনা হয়েছিল ইউরোপে ‘ব্রোঞ্জ যুগে’। আধুনিক সেফটি পিনের আবিষ্কার করেছিলেন ওয়াল্টার হান্ট, ১৮৪৯ সালে। তিনি একটি তারের টুকরো বাঁকিয়ে এই স্প্রিং-যুক্ত ব্যবস্থা তৈরি করেছিলেন।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ওয়াল্টার হান্ট নিজেই বুঝতে পারেননি যে তার এই আবিষ্কার কতটা মূল্যবান। সম্ভবত সেই কারণেই তিনি এর পেটেন্ট মাত্র ৪০০ ডলারে বিক্রি করে দেন, অথচ পরে বিভিন্ন কম্পানি এটি থেকে কোটি কোটি টাকা আয় করেছে।

সেফটি পিনের দুটি অংশ থাকে নিচের গোলাকার স্প্রিং এবং ওপরের হেড বা গার্ড। দুটি অংশেরই আলাদা আলাদা কাজ রয়েছে৷

নিচের গোলাকার স্প্রিং : পিনের নিচের দিকে তারকে বাঁকিয়ে একটি গোলাকার কুণ্ডলি বা কয়েল তৈরি করা হয়। অনেকেই এটাকে শুধু ডিজাইন ভাবেন, কিন্তু আসলে এটি একটি স্প্রিংয়ের কাজ করে। এই স্প্রিং পিনে ‘টেনশন’ তৈরি করে, যার ফলে পিনের সুচালো মাথাটি ওপরের খাঁজে শক্তভাবে আটকে থাকে এবং যতক্ষণ না জোর দিয়ে খোলা হয়, ততক্ষণ তা সেখানেই আটকে থাকে। যদি এই টেনশন না থাকত, তাহলে পিন বারবার খুলে যেত এবং কাউকে আঘাত করতে পারত।

হেড বা গার্ড : এটি সেই অংশ, যেখানে পিনের সুচালো মাথাটি নিরাপদে থাকে। এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি পিনকে বন্ধ রাখে এবং আপনাকে চুঁচিয়ে যাওয়ার হাত থেকে বাঁচায়।

সূত্র : নিউজ ১৮