লাইফ স্টাইল

সেক্স হরমোন ঘাটতির লক্ষণ, মাত্রা ঠিক রখতে যা করবেন

নিউজ ডেস্ক৯ এপ্রিল ২০২৩২ মিনিট পড়া

সিল্কসিটি নিউজ ডেস্ক:

টেস্টোস্টেরন হলো পুরুষের সেক্স হরমোন। মানুষসহ সব স্তন্যপায়ী, পাখি, সরীসৃপ প্রাণীর শুক্রাশয়ে এটি উৎপন্ন হয়। এই হরমোনের স্বাভাবিক মাত্রা পুরুষের যৌন বিকাশ এবং অন্যান্য ক্রিয়াকলাপের জন্য গুরুত্বপূর্ণ। বয়ঃসন্ধির সময় (কিশোর বয়সে), টেস্টোস্টেরন ছেলেদের শরীর এবং মুখের চুল, গভীর কণ্ঠস্বর এবং পেশিশক্তির মতো পুরুষালি বৈশিষ্ট্যগুলো বিকাশে সহায়তা করে। এই হরমোনের ঘাটতির ফলে অবসাদ, চুল পড়ে যাওয়াসহ পুরুষের নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

লক্ষণ

৩০ বছর পর ধীরে ধীরে বেশির ভাগ পুরুষের টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি হ্রাস পেতে থাকে। ঘাটতির প্রধান লক্ষণগুলো হলো অত্যধিক ক্লান্তিভাব, সেক্স লাইফে সমস্যা দেখা দেওয়া (ইরেক্টাইল ডিসফাংশন), ভুলে যাওয়া বা কোনো নির্দিষ্ট জিনিসে একটানা মনোযোগ দিতে না পারা, মুড অনবরত পরিবর্তন বা মুড সুইং, মাসলের পরিবর্তন বা মাসল খুব দুর্বল হয়ে যাওয়া, মেদ বৃদ্ধি, মুখে, হাতে, পায়ের লোম বৃদ্ধি, হাড় দুর্বল, অস্টিওপোরেসিস বা হাড় ক্ষয়, অনিদ্রায় ভোগা ইত্যাদি।

করণীয়

– নিয়মিত শরীরচর্চা করুন, বিশেষ করে ভার উত্তোলন, পেশিগুলো শক্ত করার মতো ব্যায়ামগুলো করুন।

– পর্যাপ্ত সুষম খাবার খান।

– ঘুমানো অবস্থায় টেস্টোস্টেরন তৈরি হয়। কম ঘুমালে টেস্টোস্টেরনের মাত্রা ১৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে। এ জন্য দৈনিক সাত থেকে আট ঘণ্টা ভালো ঘুম দরকার।

– স্ট্রেস বা টেনশনমুক্ত থাকুন। কেননা স্ট্রেস কর্টিসল হরমোনের মাত্রা বাড়িয়ে দেয়, যা কি না টেস্টোস্টেরনের মাত্রাকে কমিয়ে দিতে পারে।

– মেডিটেশন, যোগব্যায়াম, বডি ম্যাসাজ ইত্যাদি করুন।

সহায়ক খাবার

বিশেষ কোনো খাবারে টেস্টোস্টেরন পাওয়া যায় না। তবে এর মাত্রা বাড়াতে ভিটামিন ডি ও জিঙ্কসমৃদ্ধ খাবার বেশ উপযোগী। এ জন্য সহায়ক খাবার হতে পারে ঝিনুক, আদা, পেঁয়াজ, রসুন, পাস্তুরিত দুধ, পাতাযুক্ত সবুজ শাকসবজি, বিশেষ করে পালং শাক, মটরশুঁটি, কাজুবাদাম, চিনাবাদাম, অ্যাভোকাডো, ডালিম, গরুর মাংস, মুরগি, ডিম, স্যামন, টুনা এবং ম্যাকেরেলের মতো চর্বিযুক্ত মাছ ও মাছের তেল, অলিভ অয়েল, ফলমূল ইত্যাদি।

যা করবেন না

– ধূমপান

– মদ্যপান

– উচ্চমাত্রার চর্বিযুক্ত খাবার গ্রহণ

– প্লাস্টিকের পাত্রে খাবার নয়, কাচের পাত্র ব্যবহার করুন

– প্যাকেটজাত, প্রক্রিয়াজাত খাবার খাবেন না

– মাইক্রোওয়েভে তৈরি রান্না নয়

সূত্র: কালের কণ্ঠ