সদ্য প্রকাশিত
রাজনীতি

‘সুষ্ঠু নির্বাচনের জন্য দলনিরপেক্ষ ইসি প্রয়োজন’

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
‘সুষ্ঠু নির্বাচনের জন্য দলনিরপেক্ষ ইসি প্রয়োজন’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আগামীতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দলনিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের ওপর গুরুত্ব আরোপ করেছে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতিনিধিদল।

 

ইউরোপিয়ান পার্লামেন্ট সব দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চায় বলেও জানিয়েছে প্রতিনিধিদলটি।

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্টের ট্রেড কমিটির একটি প্রতিনিধিদলের বৈঠক শেষে এ কথা সাংবাদিকদের জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

মির্জা ফখরুল বলেন, সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় ইউরোপিয়ান পার্লামেন্ট। এ জন্য তারা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন।

 

তিনি বলেন, `ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা সরকার, ব্যবসায়ী নেতাদের সঙ্গে কথা বলেছেন। আজকে তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কথা বলতে এসেছেন। তাদের এখানে আসার মূল উদ্দেশ্য বাণিজ্য সংক্রান্ত। তারপরও তারা বলছে শুধু বাণিজ্য বা ট্রেড নিয়ে আলোচনায় ফলপ্রসু হয় না।`

 

বিএন‌পি মহাসচিব ব‌লেন, যেহেতু ইউরোপীয় ইউনিয়ন গণতন্ত্রে বিশ্বাস করে, তাদের সঙ্গে যারা ব্যবসা করবে তাদের সেখানেও যাতে গণতন্ত্রের চর্চা হয়, মৌলিক অধিকার যেন রক্ষা করা হয়। বিশেষ করে নির্বাচন প্রক্রিয়া যেন একেবারেই সুষ্ঠু এবং সকল দলের মাধ্যমে নির্বাচন হয়।

 

‘একইভাবে তারা চায় বাংলাদেশে যাতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয় এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যায়’, ব‌লেন মির্জা ফখরুল।

 

তি‌নি ব‌লেন, ইউরোপীয় ইউনিয়ন একটি নিরপেক্ষ যোগ্য নির্বাচন কমিশন গঠন হোক, তা চায়। যাতে সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনা করা সম্ভব হয়।

 

খা‌লেদ‌া জিয়ার বিরু‌দ্ধে গ্রেপ্তা‌রি পা‌রোয়ানা প্রসঙ্গ টে‌নে বিএনপি মহাসচিব বলেন, এ‌টি প্রমাণ করেছে বিচার ব্যবস্থা সরকারের অধীন ও নিয়ন্ত্রণ করছে। তার ফলশ্রুতিতেই আজকে এমন একটা বিষয়ে আদেশ দেওয়া হয়েছে যা যে কোনো দেশের পক্ষে, সমাজের পক্ষে কতটুকু গ্রহণযোগ্য হবে তা প্রশ্নবিদ্ধ থেকে যাবে। এতে করে বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা নিয়েও আতঙ্কিত রয়েছে বিএনপি।

 

বৈঠকে ইউরোপিয়ান পার্লামেন্টের ট্রেডের চেয়ারম্যান বার্নেড লেগ ছাড়াও দক্ষিণ এশিয়া কমিটির চেয়রাম্যান জিন ল্যাম্ববার্ট ও পার্লামেন্টের চার জন এমএপি দুইজন কর্মকর্তাসহ কমিশনের উচ্চপদস্থ একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

 

এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

সূত্র: রাউজিংবিডি