জাতীয়

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত সুনামগঞ্জের দুই ভাই

নিউজ ডেস্ক৩ মে ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজারে ট্রাক ও ডিআই পিকআপের সংঘর্ষে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আজির উদ্দিন ও আমির উদ্দিন নামে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। এ ছাড়া এ দুর্ঘটনায় নিহত বাকি ৬ জনেরও পরিচয় পাওয়া গেছে। ছেলে হারানোর আর্তনাদ আর আহাজারিতে বারবার মূর্ছা যাচ্ছেন মা।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা পরিবারটি।
জানা যায়, আজ রবিবার ভোর ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের (সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা) তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় একটি ডিআই পিকআপ ও কাঁঠালবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে আজির উদ্দিন ও আমির উদ্দিন দুই ভাই নিহত হন।

তারা সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা মুক্তিখলা গ্রামের বাসিন্দা আব্দুল গফফারের ছেলে।

নিহত আজির উদ্দিনের তিন ছেলেমেয়ে রয়েছে।
আজির উদ্দিনের আত্মীয় সিয়াম মিয়া জানান, সকালে তারা ডালাইয়ের কাজ করার জন্য বের হন। পরে সুনামগঞ্জের উদ্দেশে রওনা হলে সড়ক দুর্ঘটনার শিকার হন। তারা দুই ভাই এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল।

তাদের বাবা-মাও অসুস্থ।
নিহত আজির উদ্দিনের স্ত্রী জানান, ‘গত ৬ মাস ধরে ডালাইয়ের কাজ করে। গত ঈদে বাড়ি আইছিল, আর বাড়ি আসে নাই। আগামী ঈদে বাড়ি আইলনে। আজকে সড়ক দুর্ঘটনার মারা গেছে।

আমারে সাগরে ভাসাইয়া দিয়া গেছে। আমার ছোট ছোট তিনটি সন্তান নিয়ে আমি কি করমু।’
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মতিন খান জানান, ঘটনাটি খুবই হৃদয়বিদারক। একই পরিবারের দুজন। আর তারা পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিলেন।

উল্লেখ্য, সংঘর্ষে নিহত ৮ জনের মধ্যে ছয় জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। নিহত বাকিরা হলেন ধর্মপাশার সরিষা গ্রামের না‌র্গিস আক্তার, দিরাইয়ের সেচনী গ্রামের মোছা. মু‌ন্নি বেগম, দিরাই ভা‌টিপাড়া গ্রামের নুরুজ আলী, ভা‌টিপাড়া নূর নগরের ফ‌রিদুল ইসলাম, সিলেটের কোম্পানীগঞ্জের‌ শিবপুর গ্রামের পাণ্ডব বিশ্বাস ও পুটামারা গ্রামের বদরুজ্জামান। পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা সবাই নির্মাণ শ্রমিক।

এ দুর্ঘটনায় আরো অন্তত ৭ জন আহত হয়েছেন। তারা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের রফিক মিয়ার ছেলে মো. আলমগীর (৩২), সিলেট নগরের কালিবাড়ি এলাকার মৃত শুকুর উল্লাহর ছেলে তোরাব উল্লাহ (৬০), আম্বরখানার লোহারপাড়ার মৃত আলিম উদ্দিনের ছেলে রামিন (৪০) ও একই এলাকার মল্লিক মিয়ার ছেলে আফরোজ মিয়া (৪০), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গাছতলা গ্রামের খোকন মিয়ার মেয়ে রাভু আক্তার (২৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাউমারা গ্রামের বদরুজ্জামানের মেয়ে হাফিজা বেগম (৩০) এবং দিরাই উপজেলার ভাটিপাড়ার জফুর আলীর ছেলে রাজা মিয়া (৪৫)। আহতদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।