সিল্কসিটিনিউজ ডেস্ক:
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, নেতাকর্মীদের ওপর আক্রমণ ও দলীয় কার্যালয় অবরুদ্ধ করার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
মঙ্গলবার (২৭ অক্টোবর) এক বিবৃতিতে ওই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নির্বাচিত সরকারের আমলে একটি রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা এবং নেতাকর্মীদের ওপর আক্রমণের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত ও ভিন্ন রাজনৈতিক আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সব রাজনৈতিক দলের স্বাধীনভাবে কর্মকাণ্ড পরিচালনার অধিকার নিশ্চিত করা অপরিহার্য।
সাইফুল হক বলেন, রাজনৈতিক বিরোধের জবাব হামলা, ভয়ভীতি ও সহিংসতার মাধ্যমে দেওয়ার প্রবণতা গণতান্ত্রিক পরিবেশকে বিপন্ন করে। দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রাম ও রক্তক্ষয়ী আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত রাজনৈতিক অধিকার এভাবে ভূলুণ্ঠিত হতে দেওয়া যায় না। একটি স্বাধীন দেশে রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা, নেতাকর্মীদের নিরাপত্তা বিঘ্নিত করা এবং শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
বিবৃতিতে তিনি সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সব রাজনৈতিক দলের কার্যালয়, নেতাকর্মী ও রাজনৈতিক কর্মকাণ্ডের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সাইফুল হক বলেন, গণতন্ত্রের অর্থ কেবল নির্বাচন নয়; এর অর্থ ভিন্নমত প্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক সহনশীলতা এবং সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা। নির্বাচিত সরকারের আমলেও যদি রাজনৈতিক দলের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে, তবে তা ফ্যাসিবাদী শাসনামলের কথাই মনে করিয়ে দেয়।
দেশে গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে এ ধরনের ঘটনার বিরুদ্ধে সরকারকে দৃঢ় অবস্থান নিতে হবে।









