সিল্কসিটিনিউ ডেস্ক:
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে বন্দুকধারীদের হামলায় গুরুতর আহত ৯০ বছর বয়সী এক নারী মারা গেছেন। হামলার প্রায় এক বছর পর শুক্রবার তার মৃত্যুর খবর জানিয়েছে কর্তৃপক্ষ।
রয়টার্স জানায়, ওই নারীর নাম ইভা গেলর। গত বছরের ১৪ ডিসেম্বর বন্ডাই সৈকতে ইহুদিদের একটি ধর্মীয় উৎসব চলার সময় ভিড়ের ওপর গুলি চালায় দুই বন্দুকধারী। এতে কয়েক ডজন মানুষ আহত হন। তাদের মধ্যে ছিলেন ইভা গেলরও।

ইভা হলোকাস্ট থেকে বেঁচে ফেরা একজন ব্যক্তি। হামলায় আহত হওয়ার পর থেকে তাকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এবিসি এ তথ্য জানিয়েছে। গত রাতে সিডনির একটি হাসপাতালে তার মৃত্যু হয়।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ইভা গেলরের মৃত্যুর বিষয়টি তারা জানে। নিউ সাউথ ওয়েলস পুলিশ বলেছে, এ বিষয়ে পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছে তারা। বিষয়টি নিয়ে করোনার কার্যালয়ের সঙ্গেও কাজ করছে পুলিশ। ওই হামলায় ১৫ জন নিহত হয়েছিলেন। কয়েক দশকের মধ্যে অস্ট্রেলিয়ায় এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী বন্দুক হামলা।
পুলিশের দাবি, হামলায় জড়িত দুই সন্দেহভাজন সাইয়েদ আকরাম ও তার ছেলে নাভিদ আকরাম জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আদর্শে অনুপ্রাণিত ছিলেন।
ঘটনাস্থলেই পুলিশের গুলিতে সাইয়েদ আকরাম নিহত হন। তার ছেলে নাভিদও পুলিশের গুলিতে আহত হন। তবে তিনি বেঁচে যান। বর্তমানে তার বিরুদ্ধে ১৫টি হত্যাসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। হামলার পর দেশটিতে ইহুদিবিদ্বেষ নিয়ে সরকার-সমর্থিত একটি তদন্ত শুরু হয়। আগামী ১৮ ডিসেম্বর ওই তদন্তের প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে। ইভা গেলরের মৃত্যুর খবর শুনে দুঃখ প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
তিনি বলেন, ‘সেই ভয়াবহ দিনের প্রায় এক বছর পার হয়ে গেছে। কিন্তু এর প্রভাব এখনো পরিবারগুলোর কষ্ট বাড়িয়ে চলেছে। আজ আমরা তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি অনুভব করছি।’ প্রধানমন্ত্রী আরো বলেন, ‘এই কঠিন সময়ে আমরা ইভার পরিবার, বন্ধু ও ইহুদি সম্প্রদায়ের পাশে আছি।’ এবিসি জানিয়েছে, আগামী সপ্তাহে ইভা গেলরের শেষকৃত্য অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লখ্য যে, ২০২৫ সালের ১৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে একটি সন্ত্রাসী গণগুলিবর্ষণের ঘটনা ঘটে। বন্ডাইয়ের চাবাদ আয়োজিত একটি বৃহৎ হনুকা উৎসব উদ্যাপনের সময় এ হামলা সংঘটিত হয়। বিকেলবেলায় আর্চার পার্কের একটি শিশুদের খেলার মাঠে এই গুলিবর্ষণ ঘটে; পার্কটি ক্যাম্পবেল প্যারেড ও কুইন এলিজাবেথ ড্রাইভের মাঝামাঝি অবস্থিত এবং বন্ডাই সার্ফ বাথার্স লাইফ সেভিং ক্লাবের ঠিক উত্তরে। ঘটনার পর লোকজন আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করলে এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।









