আইন আদালত

সাবেক মেয়র কামরানের ওপর বোমা হামলা মামলার সব আসামি খালাস

নিউজ ডেস্ক১৯ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমেদ কামরানের ওপর বোমা হামলার অভিযোগে করা মামলার সব আসামিকে খালাস দিয়েছেন আদালত। আসামিদের মধ্যে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের প্রায় ৭০ জন নেতাকর্মী রয়েছেন।

বৃহস্পতিবার বিকালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল মোমেন মামলার সব আসামিকে খালাস দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মির্জা মো. ইয়াকুত হোসেন। তিনি বলেন, বোমা হামলার মামলাটি পরিকল্পিত, আমরা আদালতে প্রমাণ করতে পেরেছি। দীর্ঘ নয় বছর আইনি লড়াই করে সব আসামি মামলা থেকে খালাস পেয়েছেন।

খালাসপ্রাপ্তরা হলেন- মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লোকমান, চৌধুরী মো. সুহেল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আফছর খান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এমদাদুল হক স্বপন, সদর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক মিয়া, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি সিহাব খান, ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল করিম সাচ্ছু, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ রানা, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মানিক মিয়াসহ ৭০ জন নেতাকর্মী।

২০১৫ সালের ১ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে মামলার প্রতিবাদে নগরীর পাঠানটুলা এলাকায় মিছিল বের করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মিছিল থেকে সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান তার ওপর বোমা হামলা হয়েছে অভিযোগ করে মামলা করেন।

 

সূত্র: যুগান্তর