সদ্য প্রকাশিত
খেলা

সাকিবের হয়ে জবাব দিলেন শিশির

নিউজ ডেস্ক১৭ মার্চ ২০১৭২ মিনিট পড়া
সাকিবের হয়ে জবাব দিলেন শিশির

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কয়েকদিন ধরেই সাকিবের নামে যেন কয়েক ঢোক পানি বেশি গিলছেন সমালোচকরা। বিষয়টা এমন যে, সাকিব কিছু করলেও দোষ, না করলেও দোষ। সমালোচকদের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য দারুণ একটা উপলক্ষও পেয়ে গেলেন সাকিব। বাংলাদেশের শততম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করে টাইগারদের লিড এনে দিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

 

সাকিব ব্যাট হাতে জবাব দিলেও বলেকয়েই সমালোচকদের মুখটা বন্ধ করলেন সহধর্মিণী শিশির। সেঞ্চুরির পর সাকিব মুখ বন্ধ রাখলেও দেশসেরা ক্রিকেটারের হয়ে মুখ খুললেন তাঁর স্ত্রী। ফেসবুকে নিন্দুকদের এক হাত নিয়েছেন শিশির।

 

সাকিব ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেওয়ার পর কিছুটা ক্ষোভমিশ্রিত স্ট্যাটাসে স্বামীকে উদ্দেশ্য করে শিশির বলেন, ‘তুমি নাকি নিজের জন্যই খেলো! নিঃসন্দেহে এই সেঞ্চুরি কোনো কাজেই আসে নাই!’ এরপর অভিমানটা আরেক ধাপ বাড়িয়ে শিশির বলেন, ‘প্লিজ, ওই সেঞ্চুরিটাকে বাসায় আনো, আমরা রান্না করে খেয়ে নিই।’

 

কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ১০টি চারে ১৫৯ বলে করেন ১১৬ রান সাকিব আল হাসান। গতকাল দ্বিতীয় দিন ১৯২ রানে পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছিল ঠিক তখন মুশফিকুর রহিমের সঙ্গে ৯২ ও এরপর সপ্তম উইকেট জুটিতে মোসাদ্দেক হোসেন সৈকতের সঙ্গে ১৩১ রানের জুটি বেঁধে শততম টেস্টে বাংলাদেশকে লিড এনে দেন সাকিব। এখন কী বলবেন নিন্দুকরা!

সূত্র: এনটিভি