জাতীয়

সাইবার নিরাপত্তা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার

নিউজ ডেস্ক১০ মার্চ ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বাংলাদেশের সাইবার নিরাপত্তা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উইলিয়াম টডের ঢাকা সফরের সময়ে বোমা নিষ্ক্রিয় করার জন্য বিশেষ রোবট সরবরাহেরও অনুরোধ করা হয়েছে।

 
সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘নিরাপত্তা ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সহযোগিতা সবসময় আছে এবং জুলাই মাসে হোলি আর্টিজান ও শোলাকিয়া ঈদের জামাত দুর্ঘটনার পরে এ সহযোগিতা আরও বৃদ্ধি পেয়েছে।’

 
ওই কর্মকর্তা বলেন, ‘জুলাই মাসে তৎকালীন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিশা দেশাই ও উইলিয়াম টড ঢাকা সফর করে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে তাদের ইচ্ছার কথা জানান। গত সপ্তাহে টডের সফরের সময়ে আমরা সাইবার নিরাপত্তা জোরদার করার জন্য তাদের সহযোগিতা চেয়েছি। এছাড়া, বোমা নিষ্ক্রিয় করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামর্থ্য অনেক বেশি এবং তাদের কাছে রোবোটিক প্রযুক্তি দিয়ে নির্মিত বিশেষ রোবট সরবরাহের সহায়তা চেয়েছি।’

 
উইলিয়াম টড তার ঢাকা সফরের প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকী, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান খান, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মাহাবুব উজ জামানের সাথে বৈঠক করেন।

 
সরকারের আরেকজন কর্মকর্তা বলেন, ‘উইলিয়াম টড দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে অনেক উন্নতি হয়েছে বলে বাংলাদেশের কর্মকর্তাদের জানান।’ তিনি বলেন, ‘টড আমাদেরকে জানিয়েছেন, তিনি বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি দেখার জন্য এসেছেন এবং এখানে কর্মরত যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পর্যবেক্ষণ অনুযায়ী জুলাইয়ের (হলি আর্টিজান হামলা) পর থেকে এখনকার পরিস্থিতি অনেক ভালো।’

 
সরকারের ওই কর্মকর্তা বলেন, ‘আলাপের এক পর্যায়ে টড নিখোঁজ তরুণদের বিষয়ে জানতে চাইলে পুলিশের পক্ষ থেকে বলা হয়, তাদের জানামতে এর সংখ্যা মাত্র ১৩ জন, যেখানে বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি।’

 
উল্লেখ্য, হলি আর্টিজান দুর্ঘটনার পরে কয়েকটি পরিবার অভিযোগ করে, তাদের সন্তানরা নিখোঁজ। তাদের সন্দেহ, নিখোঁজ তরুণরা জঙ্গি সংগঠনে যোগ দেওয়ার জন্য বাসা থেকে পালিয়ে গেছে।

সূত্র: বাংলা ট্রিবিউন