সিল্কসিটিনিউজ ডেস্ক:
আজ ১৫ জানুয়ারি মরণোত্তর একুশে পদকে ভূষিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অকুতোভয় সাংবাদিক, মানবাধিকারকর্মী ও বীর মুক্তিযোদ্ধা মানিক সাহার ১৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মানিক সাহা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত ও বিচারের দাবিতে আজ বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক কর্মসূচি পালিত হবে।
উল্লেখ্য, ২০০৪ সালের ১৫ জানুয়ারি দুপুরে খুলনা প্রেস ক্লাবের সামনে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বোমা হামলায় ঘটনাস্থলেই সাংবাদিক মানিক সাহার মাথা উড়ে যায়। মৃত্যুকালে তিনি ‘দৈনিক সংবাদ’ ও ইংরেজি দৈনিক ‘নিউএজ’ এর জ্যেষ্ঠ প্রতিবেদক, বিবিসি’র খন্ডকালীন সংবাদদাতা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের খুলনা চ্যাপ্টারের সভাপতি ছিলেন। এর আগে তিনি খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠেনের সঙ্গে জড়িত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, মানবপ্রেমী কলমসৈনিক মানিক সাহাকে নৃশংসভাবে হত্যার ন্যায়বিচার পাননি তাঁর স্বজন, সহকর্মী ও সুহৃদরা। দীর্ঘ ১২ বছর পর ২০১৬ সালের ৩০ নভেম্বর খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবং জেলা ও দায়রা জজ এম এ রব হাওলাদার এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করলেও রায়ে ১১ জন আসামির ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
পুলিশের দায়সারা চার্জশিটে হত্যার পরিকল্পনাকারী, অর্থের যোগানদাতা, তাদের পৃষ্ঠপোষক ও ভাড়াটিয়া খুনিদের নাম নেই। যে কারণে প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে।










