সদ্য প্রকাশিত
মিডিয়ার সংবাদ

সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের প্রতিবাদে রবিবার রাজশাহীতে মানববন্ধন

নিউজ ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০১৮২ মিনিট পড়া
সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের প্রতিবাদে রবিবার রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের ছয় বছরেও বিচারকার্য না হওয়ার প্রতিবাদে রবিবার রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশের ডাক দিয়েছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

মাছরাঙা টেলিভিশনের বার্তা প্রধান সাগর সারোয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি হত্যাকান্ডের ছয় বছর অতিবাহিত হবে আগামীকাল ১১ই ফেব্রুয়ারি।  এই ঘটনায় গেলো ছয় বছরেও কোনো রকম বিচারকার্য বা তদন্তের কোনো অগ্রগতি নেই। এর প্রতিবাদে রবিবার রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশের ডাক দিয়েছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-আরটিজেএ।

সকাল ১১টায় রাজশাহীর জিরোপয়েন্টে উক্ত মানববন্ধনে সকল সাংবাদিক এবং এই হত্যাকান্ডের বিচার প্রত্যাশীদের অংশগ্রহণের আহব্বান জানিয়েছে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-আরটিজেএ। টেলিভিশন, সংবাদপত্র, রেডিও,অনলাইনসহ সকল গণমাধ্যমে কর্মরত সহকর্মীদের উক্ত প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধনে উপস্থিত থাকার অনুরোধ করেছেন আরটিজেএ-এর নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, তদন্ত সঠিক পথে নেই বলে দীর্ঘ প্রায় ৬ বছরেও চাঞ্চল্যকর সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ হচ্ছে না, এমনটাই মনে করছেন মেহেরুন রুনির পরিবার, সহকর্মী সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা। তারা বলছেন কোন একটি পক্ষ বাধা সৃষ্টি করায় মামলার তদন্তে অগ্রগতি হচ্ছে না। সম্প্রতি সাংবাদিক সাগরের পরিবার জানিয়েছে,”আমরা আসলে গত দুই বছর ধরে মামলা নিয়ে কিছুই জানতে পারিনি। তারা এ মামলা নিয়ে কোন কথা বলছে না। আগে মিডিয়ার মাধ্যমে কিছুটা হলেও জানতে পারতাম। এখন সেখানেও তারা কথা বলছে না।

এসব দেখে মনে হয় যে তারা এখন আর এ মামলার কোন তদন্তই করছে না।” ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর-রুনি। হত্যাকাণ্ডের পরপরই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ৪৮ ঘণ্টার মধ্যে খুনীদের গ্রেফতারের ঘোষণা দিয়েছিলেন। এরপর পুলিশ প্রধান জানিয়েছিলেন, তদন্তে প্রণিধানযোগ্য অগ্রগতি হয়েছে। কিন্তু এরপরই হঠাৎ থমকে যায় তদন্তের অগ্রগতি। রহস্যের জট তো খোলেইনি বরং আরো ঘণিভূত হয়। হত্যার কারণ নিয়ে ছড়িয়ে পড়ে নানারকম গুজব আর ষড়যন্ত্র তত্ত্ব।সাগর-রুনি হত্যাকাণ্ডে মামলা হওয়ার পর প্রথমে এর তদন্তে নামে শেরে বাংলা থানা পুলিশ।

চারদিনের মাথায় মামলা হাতবদল হয় ডিবি পুলিশের কাছে। এর ৬২ দিনের মাথায় ডিবি আদালতে ব্যর্থতা স্বীকার করলে তদন্তের দায়িত্ব পায় র‍্যাব । দায়িত্ব নিয়েই সাগর ও রুনির মরদেহ কবর থেকে তুলে এনে পুনরায় ময়না তদন্ত ও ভিসেরা পরীক্ষা করে র‍্যাব। বেশ কয়েকজন গ্রেফতার হলেও তদন্ত আর এগোয়নি।এখনকার বাস্তবতা হচ্ছে, র‍্যাবের তদন্ত কর্মকর্তা চূড়ান্ত প্রতিবেদন দেয়ার জন্য এখন পর্যন্ত ৫৩ বার সময় নিয়েছেন। আগামীকাল ১১ই ফেব্রুয়ারি সাগর-রুনি হত্যাকান্ডের ছয় বছর পার হবে।