সিল্কসিটিনিউজ ডেস্ক :
দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের নাম সংসদের শোক প্রস্তাবে যুক্ত করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে যুক্তফ্রন্টের পক্ষ থেকে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে একাধিক ন্যক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে, যা এই জাতির মুক্তিযুদ্ধ, জাতীয় মর্যাদা এবং ত্রিশ লাখ শহীদের রক্তের সঙ্গে প্রকাশ্য বিশ্বাসঘাতকতা।
বিবৃতিতে বলা হয়, ‘সংসদের শোক প্রস্তাবে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে গণহত্যায় অংশগ্রহণকারী আলবদর-রাজাকার বাহিনীর সদস্য দণ্ডিত যুদ্ধাপরাধীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি যে বিএনপি মুক্তিযুদ্ধের কথা বলে জনগণের কাছে ভোট চেয়েছে সেই বিএনপি দলের চিপ হুইপ যুদ্ধপরাধীদের নাম প্রস্তাব করে, যা অত্যন্ত লজ্জার।

যে সংসদ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত এই স্বাধীন বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা, সেখানে শহীদদের হত্যাকারীদের প্রতি শোক প্রকাশ মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা। এটি ইতিহাসের বিরুদ্ধে, ৩০ লাখ শহীদের আত্মত্যাগের বিরুদ্ধে এবং এই জাতির অস্তিত্বের বিরুদ্ধে একটি ঘৃণ্য অপরাধ।’
বিবৃতিতে বলা হয়, ‘সংসদের অভ্যন্তরে জাতীয় সংগীত পরিবেশনের সময় স্বাধীনতাবিরোধী শক্তির প্রতিনিধিরা দাঁড়াতে গড়িমসি করে জাতীয় সংগীত ও জাতীয় মর্যাদার প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করেছে। যা রাষ্ট্রদ্রোহিতার শামিল।
যারা ১৯৭১ সালে এই দেশের জন্মকে রুখতে পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হয়েছিল, তারা আজ এই স্বাধীন দেশের সংসদে বসে তাদের সেই পুরনো চরিত্রের পরিচয়ই দিয়েছে।’
বিবৃতিতে বলা হয়, ‘সংসদের সভাপতিমণ্ডলীর পাঁচ সদস্যের একজন হিসেবে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত (অন্তর্বর্তী সরকারের আমলে ক্যাঙ্গারু কোর্টে মুক্তিপ্রাপ্ত) কুখ্যাত যুদ্ধাপরাধী এটিএম আজহারুল ইসলামকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ব্যক্তি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তাকে সংসদের সম্মানজনক সভাপতি মণ্ডলীর প্যানেলে অন্তর্ভুক্ত করা কেবল সংসদের মর্যাদাহানিই নয়, মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি রাষ্ট্রীয়ভাবে অবমাননা করা।
এসব বিষয়ে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট স্পষ্টভাষায় বলতে চায়, ‘২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে, এই দেশের মুক্তিযুদ্ধের ঘাতক, গণহত্যার নায়কদের পুনর্বাসনের জন্য নয়।’
‘সেই অভ্যুত্থানে যে তরুণ প্রজন্ম রক্ত দিয়েছে, তারা রাজাকারের পুনর্বাসন দেখতে রাস্তায় নামেনি। তাই সংসদের শোক প্রস্তাব থেকে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও গণহত্যায় অংশগ্রহণকারী যুদ্ধাপরাধে দণ্ডিত ব্যক্তিদের নাম অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সংসদে জাতীয় সংগীতের সময় দাঁড়াতে অস্বীকারকারী সংসদ সদস্যদের বিরুদ্ধে সংসদীয় বিধিমালা অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।’
‘মানবতাবিরোধী অপরাধে দোষীসাব্যস্ত যুদ্ধাপরাধী ব্যক্তি এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে সংসদের সভাপতিমণ্ডলীর প্যানেল থেকে অপসারণ করতে হবে।
’
বিবৃতিদাতারা হলেন, গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতা ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ক্কাফী রতন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পদাক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা এবং সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুন অর রশীদ।










