বিজ্ঞান ও প্রযুক্তি

সংশোধিত বাজেট মোবাইল সংযোজন শিল্প সহায়ক

নিউজ ডেস্ক২৯ জুন ২০১৮২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

২০১৮-১৯ অর্থবছরের  সংশোধিত বাজেট মোবাইল সংযোজন শিল্প সহায়ক।

এই বাজেট দেশে সদ্য প্রতিষ্ঠা করা মোবাইল সংযোজন শিল্পকে বাঁচাবে বলে বলেছেন বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোটার্স অ্যাসোসিয়েশন বা  বিএমপিআইএ।

বুধবার সংসদে পাশ হওয়া অর্থবিলে দেশীয় মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওপর বর্তমান ভ্যাট অব্যাহতি সুবিধা বহাল এবং শুধু স্থানীয় সংযোজন পর্যায়ে ৫ শতাংশের অতিরিক্ত ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়েছে।

মোবাইল হ্যান্ডসেট সংযোজন শিল্প বিকাশে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রস্তাবিত এ বাজেট নিঃসন্দেহে ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবে বলে মনে বরে সংগঠনটি।

এর আগে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী মোবাইল হ্যান্ডসেট সংযোজনের বিষয়ে বিশেষ ট্যাক্স সুবিধা দিয়ে নির্দেশনা জারি করেছিলেন। ওই নির্দেশনার ওপর ভিত্তি করে বিএমপিআইএ সদস্যভূক্ত সাতটি দেশী-বিদেশী কোম্পানি হ্যান্ডসেট সংযোজনের জন্যে কারখানা স্থাপন করেছে।

ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেড (এফইএল) এর মাধ্যমে নরসিংদীতে স্যামসাং, গাজীপুরে সিম্ফোনি, আইটেল, ফাইভ স্টার ও ওয়াল্টন এবং উই ঢাকার মিরপুরে কারখানা স্থাপন করেছে। এর মধ্যে কোনো কোনো কারখানায় হ্যান্ডসেট সংযোজন কার্যক্রম শুরু হয়েছে ।

কিন্তু ২০১৮-১৯ প্রস্তাবিত বাজেটের আলোকে গত ৭ জুন জাতীয় রাজস্ব বোর্ড একটি নির্দেশনা জারি করে দেশে মোবাইল হ্যান্ডসেট সংযোজনের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করে। বিষয়টি সরকারের নজরে আনে বিএমপিআইএ। সংশোধিত বাজেটে ১৫ শতাংশ ভ্যাটের স্থলে ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএমপিআইএ সময়োপযোগী পদক্ষেপ নেয়ায় জন্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এবং রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুঁইয়াকে ধন্যবাদ জানান।

বিএমপিআইএ প্রেসিডেন্ট রুহুল আলম আল মাহবুব বলেন, সরকার এ বছরই ফোরজি সেবা চালু করেছে। দেশে ফোরজি হ্যান্ডসেটের সহলভ্যতা প্রান্তিক মানুষের কাছে ফোরজি সেবা পৌঁছানোর ও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অন্যতম নিয়ামক। দেশে মোবাইল হ্যান্ডসেট সংযোজনে সরকারের সংযোজন-শিল্প বান্ধব নীতি দারুণ ভূমিকা রাখবে।

আগামীতেও দেশে বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নীতি নির্ধারণ করা হবে বলেও তিনি প্রত্যাশা করেন।

তিনি বলেন, মোবাইল হ্যান্ডসেট সংযোজন ও উৎপাদন প্রক্রিয়ায় শত কোটি টাকা বিনিয়োগ করে যারা শঙ্কায় ছিলেন, তারা এবার স্বস্তি ফিরে পেলেন। তবে বছরে বছরে অনাহূত শঙ্কা যেন তাদের ব্যবসায় ব্যাঘাত না ঘটায়, সে বিষয়ে আগামীতে সরকার নজর দেবে।