
শজনে গাছ হচ্ছে ঔষধিগুণ সম্পন্ন। এ গাছের পাতা, ফুল ও ডাঁটা খুবই উপকারী।
সংক্রমণের এ সময় খেতে পারেন শজনে ডাঁটার তরকারি। শজনের তরকারি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ ছাড়া উচ্চরক্তচাপ, গ্যাস্ট্রিকের সমস্যা, বদহজম ও পেটে ব্যথা দূর করে।

এ সময় খেতে পারেন মসুর ডালে শজনে ডাঁটা।
আসুন জেনে নিই কীভাবে রান্না করবেন–
উপকরণ
শজনে ডাঁটা ১ কেজি, মসুর ডাল আধা কাপ, টমেটো ১টা, কাঁচামরিচ কয়েকটা, পেঁয়াজ কুচি আধাকাপ, রসুন বাটা ২ চা চামচ, রসুন কুচি ২ টেবিল চামচ (বাগার দেয়ার জন্য), গুঁড়া মরিচ ১ চামচ (ঝাল কেমন চান তা বুঝে), গুঁড়া হলুদ আধা চামচ, ধনেয়া পাতা আধা চামচ, লবণ পরিমাণমতো, তেলপরিমাণমতো।
প্রণালি
শজনে ডাঁটা কিনতে হবে দেখেশুনে। মসুর ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন, এতে রান্নায় সময় বাঁচবে।
তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন বাটা ভেজে তাতে মরিচ ও হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে কষাতে থাকুন। তেল আলাদা হলে এক কাপ পানি দিয়ে দিন। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিন।
এবার ডাল দিন এবং ভালো করে নেড়ে কষিয়ে নিন। আরও এক কাপ পানি দিয়ে করে সিদ্ধ করুন। প্রয়োজনে আরও কিছু পানি দিতে পারেন এবং রঙ আপনার মনের মতো হলে তাতে টমেটো ফালি করে দিয়ে দিন।
ডাল না গললে ঘুটা দিতে পারেন। ব্যস হয়ে গেল মসুর ডাল রান্না!
ডাল হয়ে গেলে তাতে শজনে ডাঁটা দিয়ে দিন। শজনে ডাঁটা সিদ্ধ হতে মিনিট বিশেক সময় নিতে পারে। প্রয়োজনে ঢাকনা দিয়ে হালকা আঁচে রাখুন। ঘরে ধনেয়া পাতা থাকলে দিন। ঘ্রাণ ও স্বাদ আরও বেড়ে যাবে।
অন্য একটা কড়াইয়ে সামান্য তেল নিয়ে ভালো করে গরম করুন এবং রসুন ভাজুন। হালকা হলুদ হলে তাতে শজনের ডাল দিয়ে দিন। এটি হচ্ছে বাগার। স্বাদ কয়েকগুণ বেড়ে যাবে।
প্রয়োজনে আরও কিছু সময় হালকা আঁচে রাখুন ও লবণ দেখুন। হয়ে গেল ডাল দিয়ে শজনে ডাঁটা।
সূত্র : হেলথলাইন








