
সিল্কসিটিনিউজ ডেস্কঃ
জ্বালানি নেওয়ার জন্য লাইনে দাঁড়াতে গিয়ে মানুষের মৃত্যুর থেকে শুরু করে স্কুলের পরীক্ষা গ্রহণের জন্য সময়মতো কাগজ না পাওয়া এবং বিদেশে দূতাবাস বন্ধ করে দেওয়া—এই সব ঘটনা শ্রীলঙ্কার অর্থনৈতিক দুর্দশাকে তুলে ধরছে। এই সময়ে ডলারের বিপরীতে লঙ্কান রুপির দাম রেকর্ড পরিমাণ কমতে দেখা যাচ্ছে। কলম্বো কর্তৃপক্ষের দ্বারা মুদ্রা অবমূল্যায়নের পর আন্তর্জাতিক বাজারে প্রতি মার্কিন ডলারের দাম সরকারিভাবে ২৯৪ রুপিতে নির্ধারণ করা হয়েছে। এই অবনতি মাত্র কয়েক মাসে হয়েছে।

দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ কমতে কমতে গত ফেব্রুয়ারি থেকে প্রায় দুই বিলিয়ন মার্কিন ডলারে অবস্থান করছে। অথচ চলতি অর্থবছর শেষে দেশটিকে ৭.৩ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক দেনা পরিশোধ করতে হবে। দেশটিতে এই ক্রমবর্ধমান অর্থনৈতিক দুর্দশার ফলে জনসাধারণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর ফলে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে এবং সরকারের পদত্যাগের দাবি উঠেছে।
শ্রীলঙ্কার আজকের এই সংকটের জন্য অনেক কারণ দায়ী। এর মধ্যে কিছু কারণ অতি তীব্র হয়ে ওঠায় বিপর্যয় ত্বরান্বিত হয়। পর্বতসমান সরকারি ঋণ কলম্বোর অন্যতম মূল সমস্যা হিসেবে আগে থেকেই ঝুঁকি তৈরি করছিল। এর কারণ দেশটির বাজার ঋণের ৪৭ শতাংশ গ্রহণের পাশাপাশি রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ১৩ শতাংশ, চীন ও জাপান ১০ শতাংশ করে, বিশ্বব্যাংক ৯ শতাংশ এবং ভারতের ২ শতাংশ ঋণ। এই পরিস্থিতির মধ্যে কভিড-১৯ মহামারি শুরু এবং. বিধি-নিষেধ দেশটির অর্থনীতিকে মারাত্মক ধাক্কা দেয়।
শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকেটর কারণগুলোর মধ্যে প্রথমত পর্যটনশিল্পের ধস দায়ী। প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, দেশটিতে ২০২১ সালে বিদেশি পর্যটক আসা ৯৭.৩ শতাংশ কমে যায়। পর্যটনশিল্পের এই ধসের কারণে দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ক্ষেত্রে এটা মনে রাখা উচিত যে পর্যটন খাত শ্রীলঙ্কার তৃতীয় বৃহত্তম আয়ের উৎস এবং এর ধস মানে দেশটির অর্থনীতিতে অনেক নেতিবাচক প্রভাব ফেলে। দ্বিতীয়ত, বিদেশে কর্মীদের বেতন কমে যাওয়া এবং কভিড বিধি-নিষেধের কারণে রেমিট্যান্স হ্রাস পাওয়ার কারণে ১০ বছরের মধ্যে রেমিট্যান্স আয় রেকর্ড পরিমাণ ৫.৪৯ বিলিয়ন মার্কিন ডলার কমে যায়। এ ছাড়া স্থানীয় পর্যায়ে মহামারি শুরু হওয়ার আগে লঙ্কান সরকার আরেকটি ভুল করেছিল। সেটি হচ্ছে সরকার অনেক বেশি পরিমাণে কর কমিয়ে দেয়। ২০১৯ সালের নভেম্বরে করহার ১৫ শতাংশ থেকে কমিয়ে ৮ শতাংশে নিয়ে আসে সরকার। এর মধ্যে কম রপ্তানি আয়, শেয়ারবাজারের ক্ষতি এবং অতিরিক্ত ঋণ পরিষেবা চলতি হিসাবের ঘাটতিতে যোগ করা হয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে বিদেশি মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়ায় মাত্র দুই বিলিয়ন ডলার।
শ্রীলঙ্কা সরকার চাপে থাকা অর্থনৈতিক অবস্থার মধ্যেই সার্ক কভিড-১৯ জরুরি তহবিলে পাঁচ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা করে। এর পাশাপাশি কভিড ত্রাণের জন্য ১০০ মিলিয়ন রুপির রাষ্ট্রপতি প্যাকেজও ঘোষণা করে। এই পরিস্থিতিতে ইউক্রেনে সামরিক হস্তক্ষেপ শ্রীলঙ্কার অর্থনীতিতে সুনামির মতো আঘাত হানে। রুশ তেলের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক বাজারে পেট্রলের দাম বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ পরিস্থিতিতে পড়া শ্রীলঙ্কার অর্থনীতির অবস্থা আরো খারাপ হয়ে যায়। কারণ দেশটির আমদানিসামগ্রীর ২০ শতাংশই তেল।
দেশটির এই ক্রমাবনতিশীল অর্থনৈতিক পরিস্থিতির ফলে রাজাপক্ষের সরকারের পদত্যাগ একটি জনপ্রিয় দাবি হিসেবে দেখা দিয়েছে। কারণ দেশটিতে এখন রেকর্ড ১৭.৫ শতাংশ মূল্যস্ফীতি চলছে। ফলে খাদ্য, ওষুধ, জ্বালানি, বিদ্যুৎসহ দৈনন্দিন ব্যবহারের সামগ্রীগুলো ক্রয় করতে পারছে না মানুষ। সরকার জনসাধারণের মধ্যে জ্বালানি বিক্রির নজরদারি ও অস্থিরতা দমন করার জন্য গ্যাসস্টেশনগুলোতে সামরিক বাহিনী মোতায়েন করেছে। এ ছাড়া খাদ্য মজুদ প্রতিরোধ করার জন্য ক্রয় করা সামগ্রীর পরিমাণেও বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির অভাবের কারণে সরকার দেশব্যাপী ১৩ ঘণ্টার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা বাস্তবায়ন করছে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে, লঙ্কান বিদ্যুৎ উৎপাদনের ৪০ শতাংশই জলবিদ্যুৎ; কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণটি জলাধারগুলোতে পানির পরিমাণ কমে গেছে। ফলে দেশটির প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ক্ষমতা আরো কমে যায়। এর ওপর চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহের অভাবের কারণে একাধিক হাসপাতাল নিয়মিত ডায়াগনস্টিক পরীক্ষা স্থগিত করেছে, কেউ কেউ কেবল জরুরি ব্যবহারের জন্য নির্ধারিত অস্ত্রোপচার স্থগিত করেছে।
এই পরিস্থিতির শুরুর দিকে শ্রীলঙ্কা সরকার আইএমএফ ও বিশ্বব্যাংকের কাছ থেকে সহায়তা চাওয়ার ব্যাপারে অনিচ্ছুক ছিল। এর পরিবর্তে তার প্রত্যাশা ছিল ভারতের কাছ থেকে ১.৫ বিলিয়ন ডলার ক্রেডিট লাইন এবং চীন থেকে সম্ভবত ২.৫ বিলিয়ন ডলার ঋণ নিশ্চিত করা। এর মধ্যে চীন কলম্বোর খাদ্য সহায়তার আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছে, ২০ মেট্রিক টন চাল সরবরাহ করেছে, পাশাপাশি দেশটিকে আরো অর্থনৈতিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। লঙ্কান সরকার বর্তমান অর্থনৈতিক মন্দা মোকাবেলার জন্য ঋণদাতাদের সঙ্গে ঋণ পুন তফসিল করার চেষ্টাও করেছে।
এই অবস্থায় বেশির ভাগ আন্তর্জাতিক অর্থনীতি বিশ্লেষক ভবিষ্যতে পরিস্থিতি আরো খারাপ হওয়ার পূর্বাভাস দিয়েছেন। কেউ কেউ এমনকি ধ্বংস হয়ে যাওয়াকে কেবল ক্ষণগণনার বিষয় হিসেবে উপস্থাপন করেছেন। সরকার আন্তর্জাতিক সহায়তা ও ঋণ নিয়ে বর্তমান সংকটকে স্বল্প মেয়াদে প্রশমন করতে পারে; কিন্তু দরকার রাষ্ট্রের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক স্থিতিশীলতা ও কল্যাণের জন্য বিবেচনাপ্রসূত পরিকল্পনা ও রাষ্ট্র পরিচালনা।
লেখক : মডার্ন ডিপ্লোমেসির লেখক
সূত্রঃ কালের কণ্ঠ









