জাতীয়

শ্রীমঙ্গলে ২৫ হাজার শিক্ষার্থীর বই পড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী

নিউজ ডেস্ক১০ অক্টোবর ২০২৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

‘বই পড়ি, মন গড়ি’—এই দীপ্ত প্রত্যয়কে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘শ্রীমঙ্গল বই পড়া উৎসব-২০২৬’-এর ফলাফল প্রকাশ ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে উপজেলার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে দীর্ঘ দুই মাসব্যাপী পরিচালিত পাঠ কার্যক্রমের সাফল্য উদ্‌যাপন করা হয়।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উৎসবে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।

 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘বই মানুষের প্রকৃত বন্ধু। বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, চিন্তাশক্তি ও মননশীলতার বিকাশ ঘটে।

বর্তমান সময়ে শিক্ষার্থীদের মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি কমিয়ে জ্ঞানচর্চায় আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান এবং কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার। এ ছাড়া স্থানীয় শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বইপ্রেমী সাধারণ মানুষ এতে অংশ নেন।

প্রতিযোগিতায় আটটি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে ল্যাপটপ জিতেছেন—ফাতেমা জাহান, রাজশ্রী হালদার, অদ্রিজা পাল, আসাদুজ্জামান শিহাব, উম্মে কুলসুম মীম, তাসনুভা সুহা, উম্মে নাফিসা মাইমুনাহ এবং ফাতেমা সুলতানা।

এ ছাড়া প্রতিটি ক্যাটাগরিতে আরো ৯ জন করে শিক্ষার্থীকে বিশেষ সনদ, ক্রেস্ট ও বই উপহার দেওয়া হয়।
ল্যাপটপ বিজয়ী ‘দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ’র সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাজশ্রী হালদার তার অনুভূতি প্রকাশ করে বলে, “ল্যাপটপ পেয়ে খুব ভালো লাগছে, তবে সবচেয়ে বড় বিষয় হলো জ্ঞানের পরিধি বাড়াতে পেরেছি। আগে যেখানে মোবাইলে সময় নষ্ট হতো, এখন বই পড়ার মাধ্যমে নতুন কিছু শিখছি। নির্ধারিত বইগুলোর মধ্যে ‘জিবরাইলের ডানা’ ও ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ’ পড়ে চমৎকার অভিজ্ঞতা হয়েছে।”

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং তরুণ সমাজকে সুঅভ্যাসে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।

তিনটি পর্বে অনুষ্ঠিত এই উৎসবে প্রায় ৩৮টি বই পড়ানো হয়, যেখানে শ্রীমঙ্গলের ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থীসহ উন্মুক্ত ক্যাটাগরির বইপ্রেমীরা অংশ নেন।
জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও ইউএনও জিয়াউর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের পাশাপাশি তরুণদের নিয়মিত বই পড়ার এই চর্চা শ্রীমঙ্গলে একটি আলোকিত, জ্ঞানভিত্তিক ও মননশীল প্রজন্ম গঠনে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে।