অর্থ ও বাণিজ্য

শেয়ার বাজারে সূচক সামান্য বেড়েছে

নিউজ ডেস্ক১৮ জুলাই ২০১৯২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের শেয়ারবাজারে মূল্যসূচক কিছুটা বেড়েছে। তবে অব্যাহত রয়েছে লেনদেন খরা।

এদিন লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩৩ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩০ পয়েন্টে উঠে এসেছে। আর শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৬ পয়েন্টে। সব সূচকের উত্থানের পাশাপাশি বাজারটিতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। ডিএসইতে লেনদেন হওয়া ১৯৬ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার বিপরীতে কমেছে ১১৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

মূল্যসূচক ও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পাশাপাশি এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। তবে অব্যাহত রয়েছে লেনদেন খরা। দিনভর বাজারটিতে ৩০৯ কোটি ৬০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৭১ কোটি ৭৬ লাখ টাকা। অর্থাৎ লেনদেন বেড়েছে ৩৭ কোটি ৮৪ লাখ টাকা।

টাকার অংকে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফরচুন সুজের শেয়ার। কোম্পানিটির ২৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ার জেনারেশনের ৯ কোটি ৪০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সিলকো ফার্মাসিউটিক্যালস।

এছাড়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- গ্রামীণফোন, গ্লোবাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, জেএমআই সিরিঞ্জ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, ফেডারেল ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন।