সিল্কসিটিনিউজ ডেস্ক :
ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে নগদ অর্থ নির্ভরতা কমানো ও আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনার লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হলো ‘ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগ’ শীর্ষক এক সেমিনার। এ সময় বলা হয়- শুধু টাকা ব্যবস্থাপনাতেই বছরে ব্যয় ২০ হাজার কোটি টাকা।
মঙ্গলবার সকালে সিলেট শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। এর আগে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। লিড ব্যাংক হিসেবে আয়োজনটি পরিচালনা করে সিটি ব্যাংক পিএলসি।
সেমিনারে বাংলা কিউআর কোডের ব্যবহার, মোবাইল ব্যাংকিং ও অন্যান্য ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরা হয়, যা ক্যাশ-টু-ডিজিটাল ইকোসিস্টেম গঠনের মাধ্যমে স্মার্ট অর্থনীতি গড়তে সহায়তা করবে।
বক্তারা বলেন, টাকা ব্যবস্থাপনায় বছরে ২০ হাজার কোটি টাকা ব্যয় হয়, যা ডিজিটাল ব্যাংকিং ও ই-পেমেন্টের মাধ্যমে সাশ্রয় করা সম্ভব।
তারা উল্লেখ করেন, ডিজিটাল লেনদেন কেবল সময় ও খরচ বাঁচায় না, বরং অর্থনীতিকে নিরাপদ, গতিশীল ও স্বচ্ছ করে তোলে।
বক্তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর ক্যাশলেস সেবা নগদ অর্থের ওপর নির্ভরতা কমাবে, ব্যক্তি থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনকে করবে দ্রুত, নির্ভুল ও নিরাপদ, যা দেশের আর্থিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল রূপান্তরকে আরও ত্বরান্বিত করবে।
বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আক্তার কান্তা ও সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান প্রমুখ।
সূত্র: যুগান্তর









