সিল্কসিটিনিউজ ডেস্ক :
মুসলিমদের ‘শহীদ’ ও অন্য ধর্মের যারা জুলাই আগস্টে নিহত হয়েছেন তাদের ‘শহীদ’ মর্যাদা দেওয়া হবে না, এমন একটি গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই গুঞ্জন নিয়ে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মুখ খুলেছেন। তিনি এটিকে ভুল-বোঝাবুঝি আখ্যা দিয়ে বিষয়টি পরিষ্কার করলেন।
সামাজিক মাধ্যমে ফেসবুকে ফারুকী লিখেছেন, ‘একটা ভুল-বোঝাবুঝি দেখা যাচ্ছে।

আরো ডালপালা ছড়ানোর আগেই পরিষ্কার করা দরকার মনে করছি।’
জুলাই অভ্যুত্থানে নিহত সবাইকে শহীদ আখ্যা দিয়ে সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘জুলাই জাদুঘরের সামনে যে প্রতীকী সমাধিস্থল বানানো হয়েছে সেখানে ১৬ বছরে (জুলাই ২৪সহ) ফ্যাসিস্ট সরকারের হাতে প্রাণ হারানো সব শহীদের নাম চারপাশের বৃত্তাকার মার্বেলে উল্লেখ থাকবে। সব ধর্ম, লিঙ্গ, পেশা, বয়সের মানুষের নাম একই বৃত্তে থাকবে। আর বৃত্তের ভেতরে মুসলিম শহীদদের স্মরণে প্রতীকী কবর আর অন্য ধর্মের শহীদদের স্মরণে প্ল্যাক থাকবে।
’
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “মেমোরিয়ালের বাইরে থাকবে একটা দুই লাইনের কবিতা : ‘দেশপ্রেমীদের রক্ত খেয়ে বাঁচতো যাহার সিংহাসন/সেই শহীদদের দখলে আজ রক্তখেকোর আবাসন’। লিখেছেন জুলাই অভ্যুত্থানের ফ্রন্টলাইনার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মালিহা নামলাহ। থ্যাংক ইউ।”









