আইন আদালত

শমী কায়সারকে জামিন দিলেন হাইকোর্ট

নিউজ ডেস্ক১০ ডিসেম্বর ২০২৪২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ছাত্র-জনতার সরকার পতনের আন্দোলনে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। নিম্ন আদালত শমী কায়সারের জামিন আবেদন নামঞ্জুর করলে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এই আবেদনে শুনানির পর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

আদালতে শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম হামিদুল মেসবাহ।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জসিম সরকার।
জামিন আদেশের পর শমীর আইনজীবী হামিদুল মিসবাহ সাংবাদিকদের বলেন, ‘এই মামলায় হাইকোর্ট শমী কায়সারকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন। শমী কায়সার কাশিমপুর মহিলা কারাগারে আছেন। অন্য কোনো মামলা না থাকলে তার কারামুক্তিতে আইনগত বাধা নেই।

মামলার এজাহারে বলা হয়, গত ১৮ জুলাই ইশতিয়াক আজমপুর হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন। সেখানে তিনি গুলিবিদ্ধ হন। তিনি নিজেই গত ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ ১২৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

এই মামলায় গত ৫ নভেম্বর ঢাকার উত্তরা থেকে অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করে পুলিশ।

পরদিন, অর্থাৎ ৬ নভেম্বর শমী কায়সারকে ৩ দিনের রিমান্ডে দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালত। রিমান্ড শেষে গত ৯ নভেম্বর ফের অদালতে তোলা হয় তাকে। সেদিন আদালত জামিন আবেদন নামঞ্জুর শমী কায়সারকে কারাগারে পাঠান হয়।

 

সূত্র: কালের কণ্ঠ