সদ্য প্রকাশিত
নাটোর

লালপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য আটক

নিউজ ডেস্ক৫ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
লালপুরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য আটক

লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে ৪ ডিসেম্বর রবিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় দুই সদস্যকে লালপুর থানা পুলিশ আটক করেছে। পুলিশ এ সময় বিপুলসংখ্যক অস্ত্র উদ্ধার করে।
লালপুর থানা সুত্রে জানা যায়, লালপুর-গোপালপুর সড়কের শিমুলতলা নামক স্থানে সিরাজিপুর পার্শ্বরাস্তায় ৭/৮জনের একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার ওসি আবু ওবায়েদ ও এসআই সুকোমল দেবনাথের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশ রহিমপুর (উধনপাড়া) গ্রামের মৃত ইনছারের পুত্র সাজাপ্রাপ্ত আসামি কালাম ওরফে বোমা কালাম (৪৭) ও বালিতিতা ইসলামপুর গ্রামের মৃত সেকেন খামারুর পুত্র মিজানুর খামারু (৩৫) কে আটক করে। অভিযানকালে আরো ৫/৬ জন ডাকাত দলের সদস্য পালিয়ে যায়।

 

পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি বড় রামদা, তিনটি ছোরা, একটি তালাকাটা কাটার, দড়ি উদ্ধার করে। তাদের দেয়া তথ্যমতে গোপালপুর-গোরীপুর সড়কের চামটিয়ায় গোপালপুর পৌর যুবলীগের সভাপতি নাজমুলের ছিনতাইকৃত  মটরসাইকেল উদ্ধার করে। এ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা হয়েছে।
লালপুর থানার ওসি আবু ওবায়েদ সিল্কসিটি নিউজকে জানান, তারা এলাকায় বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। বোমা কালামের নামে লালপুর থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র, বিস্ফোরক, মোটরসাইকেল ছিনতাই, দস্যুতা, চাঁদাবাজিসহ অন্তত ১৬/১৭টি মামলা রয়েছে। এই চক্রটি দীর্ঘদিন যাবত লালপুর উপজেলাসহ বিভিন্ন এলাকায় রোডে ডাকাতি,ছিনতাই সহ বিভিন্ন অপরাধ করে আসছে।
স/শ