জাতীয়

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমন অভিযানে ৩ দিনে আটক ৫৪৯

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০২৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

লক্ষ্মীপুরে কিশোর অপরাধ দমনে তিন দিন অভিযান চালিয়ে ৫৪৯ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে লক্ষ্মীপুরের ৫টি থানায় অভিযান চালিয়ে ৯৯ জনকে আটক করা হয়।

জেলা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ৯৯ জনকে আটক করা হয়। এর মধ্যে সদর থানায় ২৯ জন, চন্দ্রগঞ্জে ৫ জন, রায়পুরে ২৪ জন, রামগঞ্জে ২২ জন, কমলনগরে ১০ জন ও ডিবির হাতে ৯ জন আটক হয়। আটকদের ৮৬ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় এবং অপর ১৩ জনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে আটক ১৮৪ জনের মধ্যে ১৫৯ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বাকি ২৫ জনকে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। একইভাবে রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে আটক ২৬৬ জনের মধ্যে ২১৫ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া বাকি ৫১ জনকে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছ।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, কিশোর গ্যাং ও অপরাধ দমনে লক্ষ্মীপুরের ৬টি থানায় একযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্তানদের বিষয়ে অভিভাবকদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।